বান্দরবানে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
Published : ১৩:২৭, ১৯ অক্টোবর ২০২৬
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কিশোরীর বাবার দায়ের করা মামলায় মোহাম্মদ রাসেল (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার (১৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ বাইশারী গ্রামের কাপ্তাইশিয়া পাহাড়ের পশ্চিম পাশে এ ঘটনা ঘটে। অভিযুক্ত রাসেল একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হলুদিয়াশিয়া এলাকার বাসিন্দা।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, বিয়ের প্রলোভন দেখিয়ে রাসেল ওই কিশোরীকে ডেকে নিয়ে যান। পরে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ছাবের মাহমদ (৪৩) বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় লিখিত অভিযোগ দেন।
ঘটনার খবর পেয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করে। পরে রোববার (১৮ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ।
বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. মনজুর আহসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে। তাঁর জবানবন্দি ও বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়। পরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।






























