ঢাকেশ্বরী মন্দিরের দখল হওয়া জমি উদ্ধারে উদ্যোগের আশ্বাস এনসিপির
Published : ১৩:২০, ১৯ অক্টোবর ২০২৬
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরের দখল হয়ে যাওয়া জমি উদ্ধারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী জানিয়েছেন, বর্তমান সরকারের কাছে দ্রুত জমি উদ্ধারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানাবে এনসিপি। ভবিষ্যতে ক্ষমতায় গেলে মন্দিরের জমি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) সকালে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুভেচ্ছা বিনিময় শেষে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন নাসীরুদ্দীন পাটওয়ারী।
এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও মুসলমান—সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়তে চায় তাঁর দল।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান পর্যন্ত দেশের গণতান্ত্রিক আন্দোলনগুলোতে সব ধর্মের মানুষের সম্মিলিত অংশগ্রহণ ছিল। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে শহীদ সনাতন ধর্মাবলম্বী রিয়াদসহ অন্য শহীদদের স্মরণ করে তাঁদের আত্মার শান্তি কামনা করেন তিনি।
দুর্গাপূজার সময়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটার প্রত্যাশা জানিয়ে আখতার হোসেন বলেন, অতীতে বিভিন্ন সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করার ঘটনা ঘটেছে। ২০২৪ সালের ৫ থেকে ৮ আগস্ট দেশে কার্যকর সরকার না থাকার সময় সাধারণ মানুষ নিজেরাই নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে এসেছিলেন এবং বিভিন্ন মন্দির পাহারা দিয়েছিলেন। সমাজে সম্প্রীতির সেই দৃষ্টান্ত অব্যাহত থাকার প্রত্যাশা জানান তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ঢাকেশ্বরী মন্দিরের বিশাল পরিমাণ জমি দখল হয়ে গেছে। অতীতে বিভিন্ন ব্যক্তি জমি উদ্ধারের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি বলে মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন। মন্দির কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ব্যবহৃত অংশ ছেড়ে দিতে তারা প্রস্তুত। তবে মন্দিরের বাকি জমি তাদের প্রয়োজন।
বর্তমান সরকারের প্রতি দ্রুত জমি উদ্ধারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, ভবিষ্যতে ক্ষমতায় যেতে পারলে তাঁরাও জমি উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করবেন।
হিন্দু সম্প্রদায়ের জমি দখলের প্রসঙ্গ তুলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, দীর্ঘদিন ধরে আট দফা দাবিতে আন্দোলন চলছে। আলোচনায় অর্পিত সম্পত্তি আইন এবং ধর্মীয় পরিচয়ের কারণে জমি দখলের বিষয়গুলো উঠে এসেছে। দখলদারদের কোনো রাজনৈতিক দলের পরিচয়ে চিহ্নিত না করে তাদের অন্যায়কারী হিসেবে বিবেচনা করার কথা বলেন তিনি।
ভবিষ্যতে কোনো হিন্দু নারী বা পুরুষের জমি যাতে কেউ দখল করতে না পারে, তা নিশ্চিত করতে কাজ করার আশ্বাস দেন নাসীরুদ্দীন পাটওয়ারী। সংসদের বাইরে বিভিন্ন জায়গায় এ বিষয়ে কথা বলার পাশাপাশি সংশ্লিষ্টদের আন্দোলনের অংশীদার হওয়ার কথাও জানান তিনি।
এনসিপির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য নুসরাত তাবাসসুম বলেন, উৎসব পালনের অধিকারকে তাঁরা স্বীকার করেন। দুর্গোৎসব যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই সম্পন্ন হয়, সেই কামনা করেন তিনি। পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে সবাইকে শুভ অষ্টমীর শুভেচ্ছা জানান।
এ সময় এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য সারোয়ার তুষার ও যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।






























