জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর ভ্যানচালকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার

জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর ভ্যানচালকের মস্তকবিহীন মরদেহ উদ্ধার ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:১৬, ১৯ অক্টোবর ২০২৬

চুয়াডাঙ্গার জীবননগরে নিখোঁজের পাঁচ দিন পর চাঁদ আলী (৫০) নামে এক ভ্যানচালকের মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার শাহাপুর পুলিশ ক্যাম্পের কাছে কোটচাঁদপুর সড়কের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তাঁকে হত্যা করা হয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিহত চাঁদ আলী জীবননগর উপজেলার হাসাদাহ গ্রামের মৃত জোনাব আলীর ছেলে। তিনি ব্যাটারিচালিত ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার ব্যাটারিচালিত ভ্যান নিয়ে উপার্জনের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন চাঁদ আলী। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান না পেয়ে পরদিন জীবননগর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

সোমবার সকালে শাহাপুর পুলিশ ক্যাম্পের কাছের কোটচাঁদপুর সড়কের পাশে একটি বিকৃত ও মস্তকবিহীন অর্ধগলিত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরনে থাকা পোশাকসহ বিভিন্ন আলামত দেখে পরিবারের সদস্যরা মরদেহটি চাঁদ আলীর বলে শনাক্ত করেন। তবে তাঁর ব্যাটারিচালিত ভ্যানটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা চাঁদ আলীকে হত্যা করে নির্জন স্থানে মরদেহ ফেলে রেখে গেছে। তবে হত্যার কারণ নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement