যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩

যশোরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ৩ ছবি: সংগৃহীত

যশোর প্রতিনিধি

Published : ১১:৩২, ২৪ অক্টোবর ২০২৬

যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন, শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় এবং একই এলাকার মতিউর রহমানের ছেলে শাহরিয়ার হোসেন রুহান (১৮)।

আহত দুজন হলেন বেজপাড়া এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরগামী আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে সিয়াম হোসেন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অন্য দুজন ছিলেন বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের আরোহী। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।

নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কেরামত আলী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুনঃ
Advertisement