গাউসুল আজম মার্কেট সভাপতির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধন
Published : ১৭:০১, ৩০ সেপ্টেম্বর ২০২৪
রাজধানীর নিউমার্কেট এলাকায় অবস্থিত গাউসুল আজম সুপার মার্কেট সভাপতি মোতালেব মিয়ার অপসারণের দাবিতে মানববন্ধন করেছে মার্কেটের ব্যবসায়ীরা। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় মার্কেটের সামনে বৈষম্যবিরোধী ব্যবসায়ীদের ব্যানারে এই মানববন্ধন করা হয়।
ব্যবসায়ীরা বলেন, গত ১৭ বছর ধরে অবৈধভাবে মার্কেটের সভাপতির পদ ধরে রেখেছেন মোতালেব মিয়া। এই সময়ে ক্ষমতার অপব্যবহার করে নামে-বেনামে ব্যবসায়ীদের থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। বিদ্যুৎ ও নিরাপত্তার নামে প্রতিমাসে অতিরিক্ত টাকা নিয়েছেন।
তারা আরও বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মোতালেবসহ কমিটির সদস্যরা সরাসরি ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। পরবর্তী সময়ে ৫ আগস্টের পর কমিটির অন্য সদস্যরা পালিয়ে গেছেন। তবে মোতালেব এখনো মার্কেটের ব্যবসায়ীদের জিম্মি করে চাঁদাবাজি করে যাচ্ছেন।
এই সময় ব্যবসায়ীরা এই কমিটি বিলুপ্ত করে ভোটের মাধ্যমে কমিটি দেওয়ার জন্য সমবায় অধিদপ্তরের দৃষ্টি আকর্ষণ করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে গাউসুল আজম সুপার মার্কেটের সভাপতি মোতালেব মিয়া বলেন, ‘আমি বিগত সময়ে যা করেছি, সবই ব্যবসায়ীদের স্বার্থে করেছি। আমি কোনো দুর্নীতি করিনি।’
এনই






























