৮ দিনের রিমান্ডে সেই পুলিশ কর্মকর্তা

৮ দিনের রিমান্ডে সেই পুলিশ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক:

Published : ০৯:৫৮, ৪ সেপ্টেম্বর ২০২৪

ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সুপার নিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) আব্দুল্লাহিল কাফিকে হাজারীবাগ থানার অপহরণ মামলায় ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

বুধবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ আদেশ দেন। 

এ দিন সকাল ৬টা ৪৫ মিনিটে সাবেক ওই পুলিশ কর্মকর্তাকে আদালতে আনা হয়। এ সময় মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

এর আগে সোমবার (২ সেপ্টেম্বর) কাফীর বিরুদ্ধে মরদেহ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা এবং হাজারীবাগ থানায় একটি মামলা হয়েছে। পরে রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহিল কাফীকে আটক করে ডিবি পুলিশ।

ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভুঁইয়া বলেন, যেহেতু একজন সার্ভিস অফিসার, তাকে গ্রেপ্তার করতে গেলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অনুমতি লাগবে। প্রাথমিকভাবে আশুলিয়ার ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে আবেদন করেছি। অনুমতি সাপেক্ষে তাকে গ্রেপ্তার ও রিমান্ড চাওয়া হবে।

তার বিরুদ্ধে গত ৫ আগস্ট ঢাকার আশুলিয়ায় ছাত্র-জনতাকে হত্যার পর আগুনে পুড়িয়ে ফেলার ঘটনায় সংশ্লিষ্ট থাকার অভিযোগ রয়েছে।

উল্লেখ্য, গত ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আশুলিয়ায় পুলিশ ও ছাত্রলীগের গুলিতে নিহত হয়েছেন অন্তত ১৬ জন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন শতাধিক।

বিডি/ও

শেয়ার করুনঃ
Advertisement