রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী
Published : ২৩:৪০, ৩১ মে ২০২৬
শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচারে অভিযুক্তের বিরুদ্ধে আদালতের কাছে সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
রোববার সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ফুটবল ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঝিনাইদহ জেলা পরিষদের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আইনমন্ত্রী বলেন, “আমাদের হাতে যে তথ্য-প্রমাণ রয়েছে, তাতে আমরা আশা করছি আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত করা সম্ভব হবে। বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ আদালতের কাছে সর্বোচ্চ শাস্তির আবেদন জানাবে।”
সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে গঠিত কমিটিতে বিরোধী দল থেকে পাঁচজন সদস্য মনোনয়নের অনুরোধ জানানো হয়েছে। বিরোধী দল বিষয়টি নিয়ে পরে সিদ্ধান্ত জানাবে বলে জানিয়েছে এবং সরকার তাদের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।
মাদকবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, “মাদকের ভয়াবহতা থেকে সমাজ ও রাষ্ট্রকে রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে এ বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচির কথা তুলে ধরে তিনি জানান, পর্যায়ক্রমে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে কৃষকদের জন্য কৃষক কার্ড কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
তিনি আরও বলেন, “দেশের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে কৃষক কার্ড চালু হয়েছে। পর্যায়ক্রমে এটি সারাদেশে বাস্তবায়ন করা হবে। পাশাপাশি মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিতদের জন্য সরকারিভাবে ভাতা প্রদানের পরিকল্পনাও নেওয়া হয়েছে।”
জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন এবং শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান।
অনুষ্ঠানে জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লাসহ স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


































