এআই ক্যামেরাকে ফাঁকি দিতে নম্বরপ্লেট গোপন, শেষ পর্যন্ত পুলিশের জালে মোটরসাইকেলচালক
Published : ১৬:৩২, ২ জুন ২০২৬
রাজধানীর সড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করে এআই ক্যামেরাকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেলের নম্বরপ্লেটের কয়েকটি সংখ্যা ঢেকে চলাচল করা এক ব্যক্তিকে শনাক্ত ও আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। পরে আদালত তাকে এক মাসের কারাদণ্ড এবং দুই হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
মঙ্গলবার (২ জুন) রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান।
তিনি জানান, গত ১৯ মে ওই মোটরসাইকেলচালক নম্বরপ্লেটের তিনটি ডিজিট সাদা স্কচটেপ দিয়ে ঢেকে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচল করেন। ঘটনাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয় এবং বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়। ২১ মে বিষয়টি ডিএমপির নজরে এলে তদন্ত শুরু করা হয়।
তদন্তের একপর্যায়ে পুলিশ জানতে পারে অভিযুক্ত ব্যক্তি লাবলু হক (৩৮), যিনি রাজধানীর লালবাগ এলাকার বাসিন্দা। ছবিতে চালকের মুখ স্পষ্ট না থাকায় বিভিন্ন সিসিটিভি ফুটেজ, স্থানের ছবি এবং অন্যান্য তথ্য বিশ্লেষণ করে তাকে শনাক্ত করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, অভিযুক্ত ব্যক্তি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালাচ্ছিলেন। এআই ক্যামেরায় শনাক্ত হওয়ার আশঙ্কা থেকেই তিনি নম্বরপ্লেটের কয়েকটি সংখ্যা আড়াল করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
সংবাদ সম্মেলনে ডিএমপি জানায়, এই অভিযান পরিচালনার মূল উদ্দেশ্য কাউকে শাস্তি দেওয়া নয়; বরং ট্রাফিক আইন অমান্যকারীদের প্রতি সতর্কবার্তা পৌঁছে দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করা। একই সঙ্গে আইন ভঙ্গকারীদের শনাক্ত ও বিচারের আওতায় আনার সক্ষমতা ট্রাফিক বিভাগের রয়েছে বলেও উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান এবং গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন উপস্থিত ছিলেন।


































