সিআইডির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেলেন ডিআইজি আলি আকবর খান
Published : ২০:৪৮, ২ জুন ২০২৬
বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইজি আলি আকবর খান। পুলিশ সদর দপ্তরের এক প্রজ্ঞাপনের মাধ্যমে ১ জুন ২০২৬ এ নিয়োগাদেশ জারি করা হয়েছে।
দীর্ঘ তিন দশকের অভিজ্ঞতাসম্পন্ন এই পুলিশ কর্মকর্তা ১৯৯৫ সালে ১৫তম বিসিএস (পুলিশ) ক্যাডারের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। ১৯৬৭ সালের ২১ সেপ্টেম্বর চাঁদপুর জেলায় জন্মগ্রহণকারী আলি আকবর খান কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বাক্ষর রেখেছেন।
কর্মজীবনে তিনি রেঞ্জ পুলিশ, পুলিশ সদর দপ্তর এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করেছেন। প্রশাসনিক দক্ষতা ও পেশাগত সাফল্যের জন্য তিনি সহকর্মী ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রশংসা অর্জন করেন।
পেশাগত সক্ষমতা বাড়াতে দেশ-বিদেশের নানা প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশ নিয়েছেন আলি আকবর খান। মানবপাচার প্রতিরোধ, বৈধ অভিবাসন উৎসাহিতকরণ এবং অনিয়মিত অভিবাসন রোধ বিষয়ে ইতালিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কর্মশালায় তাঁর অংশগ্রহণ উল্লেখযোগ্য।
এছাড়া মালদ্বীপে দক্ষিণ এশিয়ায় মানবপাচার ও অভিবাসী পাচারসংক্রান্ত তথ্য সংগ্রহ ও ব্যবস্থাপনা বিষয়ে আয়োজিত বিশেষ কর্মশালাতেও অংশ নেন তিনি। আন্তর্জাতিক বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে তিনি তদন্ত ও আইন প্রয়োগ সংক্রান্ত বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন।
সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর নেতৃত্বে সিআইডি অপরাধ তদন্ত, প্রযুক্তিনির্ভর অনুসন্ধান এবং জটিল মামলার তদন্তে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।


































