সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ নয় : স্বরাষ্ট্রমন্ত্রী
Published : ০১:৪৯, ১ জুন ২০২৬
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সরকার একটি নতুন কারাগার স্থাপন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, এ মুহূর্তে কাউকে উচ্ছেদ করা হবে না।
রোববার দুপুরে জঙ্গল সলিমপুর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি কুচক্রী মহল সাধারণ মানুষের মধ্যে উচ্ছেদের গুজব ছড়াচ্ছে। তবে জঙ্গল সলিমপুর ও এর আশপাশের এলাকা অবশ্যই সন্ত্রাসমুক্ত করা হবে এবং কোনো ধরনের সন্ত্রাসী গোষ্ঠীর অভয়ারণ্য থাকতে দেওয়া হবে না।
তিনি বলেন, বিগত ১৭ বছর ধরে আলীনগর-জঙ্গল সলিমপুর এলাকা সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল। পরিকল্পিত ও যৌথ অভিযানের মাধ্যমে এই এলাকা সম্পূর্ণভাবে সন্ত্রাসমুক্ত করা হবে।
মন্ত্রী আরও জানান, মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজির বিরুদ্ধে সারাদেশে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে এই চারটি অপরাধ দমনে সরকার জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।
১৮৬৭ সালের জুয়া আইন আধুনিক বাস্তবতায় কার্যকর নয় উল্লেখ করে তিনি বলেন, অনলাইন ও অফলাইন জুয়া নিয়ন্ত্রণে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে, যা আগামী সংসদ অধিবেশনেই আনার চেষ্টা করা হবে।
মাদক মামলার দীর্ঘসূত্রতা নিয়ে উদ্বেগ জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব মামলার দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের পরিকল্পনা রয়েছে।
কিশোর গ্যাং প্রসঙ্গে তিনি বলেন, আইনের ফাঁকফোকর ব্যবহার করে অনেক কিশোর অপরাধে জড়িয়ে পড়ছে, যা পরবর্তীতে বড় সন্ত্রাসে রূপ নিচ্ছে। এ কারণে আইন সংস্কার প্রয়োজন।
তিনি বলেন, পরিকল্পিত অভিযান ও আইনি সংস্কারের মাধ্যমে দেশকে মাদক, সন্ত্রাস, জুয়া ও চাঁদাবাজিমুক্ত করা হবে।
পরিদর্শনকালে বিভিন্ন সরকারি সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


































