অর্থমন্ত্রীর স্পষ্ট বার্তা, টাকা ছাপানোর পথে যাবে না সরকার
Published : ১৪:০৪, ১ এপ্রিল ২০২৬
বিএনপি নেতৃত্বাধীন সরকার টাকা ছাপানোর পথে যেতে চায় না বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
বুধবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) এক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, সরকার ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে চায়। এজন্য বিনিয়োগকারীদের জন্য স্থিতিশীল ও টেকসই নীতিমালা প্রণয়নের পরিকল্পনা নেওয়া হচ্ছে। ঘন ঘন নীতির পরিবর্তনের বদলে দীর্ঘমেয়াদি ধারাবাহিকতা বজায় রাখার দিকেই গুরুত্ব দেওয়া হবে। তিনি স্পষ্টভাবে জানান, সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় টাকা ছাপানোর পথে যেতে আগ্রহী নয়।
তিনি আরও উল্লেখ করেন, দেশের অর্থনীতি ইতোমধ্যেই নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এর পাশাপাশি নির্বাচনি ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের চাপও রয়েছে। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি। সব মিলিয়ে সরকার বর্তমানে ত্রিমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করছে বলে তিনি জানান।
বিডি/এএন


































