বিদ্যুৎ সাশ্রয়ে সন্ধ্যা ৭টায় বন্ধ হবে শপিংমল, মার্কেট ও বিলবোর্ডের আলো
Published : ০২:৩৯, ২ জুন ২০২৬
বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকানের জন্য পূর্বের সময়সূচি পুনর্বহাল করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মঙ্গলবার থেকে এসব প্রতিষ্ঠান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।
একই সঙ্গে দেশের সব বিলবোর্ডের আলোকসজ্জা এবং চলমান বা অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনাটি দেশের সকল সিটি করপোরেশনের মেয়র ও প্রশাসক, বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসকদের কাছে পাঠানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়, প্রধানমন্ত্রীর পূর্ববর্তী নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের অংশ হিসেবে শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা চালু ছিল। তবে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রমের সুবিধার্থে সাময়িকভাবে এসব প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।
ঈদ-পরবর্তী সময়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় নিশ্চিত করতে সেই বিশেষ সুবিধা প্রত্যাহার করে আগের সময়সূচি পুনর্বহাল করা হয়েছে।
সরকারি নির্দেশনা অনুযায়ী, দেশের বিভিন্ন স্থানে আয়োজিত মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও সন্ধ্যা ৭টার মধ্যে শেষ করতে হবে। পাশাপাশি সকল বিলবোর্ডের আলো নির্ধারিত সময়ের মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
সরকার আশা করছে, এ পদক্ষেপের মাধ্যমে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয় হবে এবং জ্বালানি ব্যবস্থাপনায় আরও কার্যকরতা নিশ্চিত করা সম্ভব হবে।



































