ঈদের ১০ দিনে পদ্মা ও যমুনা সেতুতে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায়
Published : ০১:০৩, ১ জুন ২০২৬
ঢাকা, ১ জুন: ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিনে পদ্মা ও যমুনা সেতু দিয়ে যানবাহন চলাচল থেকে প্রায় ৬৪ কোটি টাকা টোল আদায় করেছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
রোববার সেতু কর্তৃপক্ষের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে ঘরমুখো মানুষের নির্বিঘ্ন ও নিরাপদ যাত্রা নিশ্চিত করতে গৃহীত সমন্বিত ব্যবস্থাপনা ও পূর্বপ্রস্তুতির ফলে পদ্মা সেতুতে উল্লেখযোগ্য পরিমাণ টোল আদায় হয়েছে।
গত ২১ থেকে ৩০ মে পর্যন্ত ১০ দিনে পদ্মা সেতু দিয়ে ৩ লাখ ১৮ হাজার ৫১৫টি যানবাহন পারাপার হয়। এ সময় মোট টোল আদায় হয় ৩৬ কোটি ১১ লাখ ৯৫ হাজার ৯০০ টাকা।
একই সময়ে যমুনা সেতু দিয়ে ৩ লাখ ৬১ হাজার ৪৮২টি যানবাহন পারাপার হয়। এই সময়ে সেতুটি থেকে টোল আদায় হয় ২৭ কোটি ৬৮ লাখ ৫৪ হাজার ৯০০ টাকা।
সব মিলিয়ে দুই সেতু থেকে মোট টোল আদায় দাঁড়িয়েছে প্রায় ৬৪ কোটি টাকা।
সেতু কর্তৃপক্ষ জানায়, কার্যকর ব্যবস্থাপনা ও সমন্বিত উদ্যোগের ফলে ঈদযাত্রায় সড়কপথে যাত্রীদের নিরাপদ, মসৃণ ও স্বস্তিদায়ক চলাচল নিশ্চিত করা সম্ভব হয়েছে।
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এক বিবৃতিতে বলেন, প্রধানমন্ত্রী ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নিয়মিত মনিটরিং করেছেন। পাশাপাশি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের দায়িত্বশীল তদারকির কারণে ঈদযাত্রা আরও সুশৃঙ্খল ও স্বস্তিদায়ক হয়েছে।



































