৬১ হাজার টন গম নিয়ে চট্টগ্রামে যুক্তরাষ্ট্রের জাহাজ
Published : ১৫:০৩, ১ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৬১ হাজার মেট্রিক টন গম বহনকারী এমভি এমপি আলট্রাম্যাক্স ২ জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছেছে।
বুধবার (১ এপ্রিল) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে নগদ ক্রয় চুক্তি (জিটুজি-০৩) অনুযায়ী আমেরিকা থেকে এই গম আনা হয়েছে। ওই চুক্তির আওতায় ৬১ হাজার মেট্রিক টন গম নিয়ে জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে অবস্থান করছে।
এতে আরও জানানো হয়, জাহাজে থাকা গমের নমুনা সংগ্রহ করে পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে এবং দ্রুত খালাসের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছে। মোট গমের মধ্যে ২৯ হাজার ৪৫০ মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে এবং অবশিষ্ট ৩১ হাজার ৫৫০ মেট্রিক টন মোংলা বন্দরে খালাস করা হবে।
বাংলাদেশ সরকার ইতোমধ্যেই সরকার-টু-সরকার (জিটুজি) ভিত্তিতে যুক্তরাষ্ট্র থেকে গম আমদানির কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জিটুজি-০১ ও জিটুজি-০২ চুক্তির আওতায় আমদানি করা গমের সব চালান দেশে পৌঁছেছে। এর আগে জিটুজি-০৩ চুক্তির অধীনে প্রথম চালানে ৫৮ হাজার ৪৫৭ মেট্রিক টন এবং দ্বিতীয় চালানে ৬২ হাজার ১৫০ মেট্রিক টন গম দেশে এসেছে।
দেশে মোট গমের বার্ষিক চাহিদা প্রায় ৭০ লাখ মেট্রিক টন। এর বিপরীতে অভ্যন্তরীণ উৎপাদন প্রায় ১০ লাখ মেট্রিক টনের মতো। ফলে চাহিদার বাকি অংশ পূরণে সরকারি ও বেসরকারি উভয় খাত থেকেই নিয়মিতভাবে বিদেশ থেকে গম আমদানি করা হয়ে থাকে।
বিডি/এএন


































