জ্বালানি সংকটে রাত ৮টার মধ্যেই বন্ধ দোকানপাট
Published : ১৬:১৫, ২ এপ্রিল ২০২৬
দেশের সব দোকানপাট, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ দোকান মালিক ব্যবসায়ী সমিতি। জ্বালানি সংকট মোকাবিলা এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারকে সহযোগিতা করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন ব্যবসায়ীরা।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। সংগঠনের সভাপতি নাজমুল হাসান মাহমুদ ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এবং ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির স্ট্যান্ডিং কমিটির যৌথ বৈঠকে দেশের সব দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল রাত ৮টার মধ্যে বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহার কমিয়ে বর্তমান সংকট মোকাবিলায় সরকারের উদ্যোগকে সহায়তা করা।
তবে এ সিদ্ধান্তের বাইরে রাখা হয়েছে হোটেল, ফার্মেসি, জরুরি সেবামূলক প্রতিষ্ঠান এবং কাঁচাবাজারকে, যাতে সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীয় সেবা ব্যাহত না হয়।
বিডি/এএন


































