সংসদে বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) বিল ২০২৬ পাস
Published : ০৪:০৪, ১২ এপ্রিল ২০২৬
বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৬৭ বছর বাতিলের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক (সংশোধনী) বিল, ২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে। এর ফলে বয়স নির্বিশেষে অভিজ্ঞ ব্যক্তিদের কেন্দ্রীয় ব্যাংকের নেতৃত্ব দেওয়ার আইনি সুযোগ তৈরি হলো।
আজ সংসদে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে তা পাস হয়। বিলটির মাধ্যমে বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
বিলের নির্দিষ্ট ধারাগুলোর ওপর কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় এটি মূল আকারেই পাস হয়।
নতুন আইনে গভর্নরের চার বছরের মেয়াদ এবং পুনর্নিয়োগের সুযোগ বহাল রাখা হয়েছে। তবে বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ১০-এর ৫ নম্বর ধারায় থাকা ৬৭ বছর বয়সসীমার শর্ত বাতিল করা হয়েছে, যেখানে আগে বলা ছিল— ৬৭ বছর পূর্ণ হওয়ার পর কেউ গভর্নর পদে থাকতে পারবেন না।
আগের আইনে গভর্নর চার বছরের জন্য নিয়োগ পেতেন এবং পুনর্নিয়োগের সুযোগ থাকলেও ৬৭ বছর বয়সে বাধ্যতামূলক অবসরের বিধান ছিল। নতুন সংশোধনের ফলে এখন থেকে যোগ্যতা ও প্রয়োজনের ভিত্তিতে সরকার গভর্নর নিয়োগ বা বহাল রাখতে পারবে।
বিলের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন, মুদ্রানীতি প্রণয়ন ও বাস্তবায়ন, আর্থিক স্থিতিশীলতা বজায় রাখা, ব্যাংক তদারকি, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ে গভর্নরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, বিদ্যমান বয়সসীমা অনেক সময় অভিজ্ঞ ও দক্ষ ব্যক্তিদের এই গুরুত্বপূর্ণ পদে নিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
বিলের বিবৃতিতে আরও বলা হয়, নেপাল ও পাকিস্তান ছাড়া অনেক দেশেই কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের জন্য সর্বোচ্চ বয়সসীমা নেই, ফলে এই সংশোধন আন্তর্জাতিক চর্চার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।


































