জ্বালানি তেলের সরবরাহ বাড়াচ্ছে বিপিসি
Published : ১৫:০২, ২০ এপ্রিল ২০২৬
চাহিদা বিবেচনায় দেশে জ্বালানি তেলের সরবরাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।
রোববার জারি করা এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ডিজেল ও পেট্রোলের সরবরাহ ১০ শতাংশ এবং অকটেনের সরবরাহ ২০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। এই সিদ্ধান্ত আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়, বর্ধিত হারে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিপণন কোম্পানিগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
বিপিসি সূত্রে জানা গেছে, এতদিন তেল বিক্রির ক্ষেত্রে পূর্ববর্তী বছরের একই সময়ের বিক্রির পরিমাণকে ভিত্তি ধরে সরবরাহ দেওয়া হচ্ছিল। নতুন এ সিদ্ধান্তে সেই সীমা বৃদ্ধি করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, বর্তমান চাহিদা পূরণ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
এদিকে সরবরাহ বাড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মো. নাজমুল হক।
তিনি বলেন, ‘সরকার সরবরাহ বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা ইতিবাচক। তবে বর্তমান চাহিদার তুলনায় এটি এখনও পর্যাপ্ত নয়। সরবরাহ আরও বাড়ানো গেলে ভোক্তাদের ভোগান্তি কমবে এবং পাম্পগুলোতে দীর্ঘ লাইনের সমস্যা কমে আসবে।’


































