জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য: সংস্কৃতি মন্ত্রী

জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গ্রন্থাগারের ভূমিকা অনস্বীকার্য: সংস্কৃতি মন্ত্রী রাজধানীর জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন ।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০১, ২১ এপ্রিল ২০২৬

 সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বাংলাদেশ বৈচিত্র্যময় সংস্কৃতির দেশ এবং এই সমৃদ্ধ ঐতিহ্য জাতির অহংকার। একটি জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে গ্রন্থাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

মঙ্গলবার রাজধানীর জাতীয় গ্রন্থকেন্দ্র মিলনায়তনে জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে আয়োজিত ‘বেসরকারি গ্রন্থাগারের গ্রন্থাগারিক/গ্রন্থাগার প্রতিনিধিদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার (ব্যাচ-৬৪) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গ্রন্থাগারিকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, “আপনারা সমাজের মিশনারি, যারা মানুষের মাঝে জ্ঞানের আলো ছড়িয়ে দেন।” তিনি আরও বলেন, গ্রন্থাগারগুলো যেন বদ্ধ ঘরে সীমাবদ্ধ না থেকে স্বচ্ছ কাঁচের দেয়ালসমৃদ্ধ হয়, যাতে বাইরে থেকে মানুষ বই পড়ার দৃশ্য দেখে অনুপ্রাণিত হয়।

মাদকের ভয়াবহতা রোধে বই পড়ার গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, সমাজে মাদকের যে বিস্তার ঘটছে তা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে শিল্প-সংস্কৃতির চর্চা বাড়াতে হবে। শুধু পাঠ্যবই নয়, জীবনমুখী ও শিক্ষামূলক বই পড়ার সংস্কৃতি গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব ও জাতীয় গ্রন্থকেন্দ্র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কানিজ মাওলা। জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক এ এইচ এম সাখাওয়াত উল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথির বক্তব্যে সংস্কৃতি সচিব বলেন, প্রতিটি লাইব্রেরিতে শিশুদের জন্য আলাদা কর্নার থাকা প্রয়োজন, যাতে শিশুরা আনন্দের সঙ্গে বইয়ের সঙ্গে যুক্ত হতে পারে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় গ্রন্থকেন্দ্রের গ্রন্থাগারিক ও উপ-পরিচালক মো. ফরিদ উদ্দিন সরকার।

উল্লেখ্য, এবারের ৬৪তম ব্যাচের প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৩২ জন গ্রন্থাগারিক অংশগ্রহণ করছেন।

শেয়ার করুনঃ
Advertisement