জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের

জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান আজ মঙ্গলবার সকালে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে কথা বলেন।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫০, ২২ এপ্রিল ২০২৬

দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহে বড় কোনো সংকট নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি অপ্রয়োজনীয়ভাবে অতিরিক্ত তেল কেনা বা ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার সকালে রাজধানীর তথ্য অধিদপ্তরের (পিআইডি) সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধান তথ্য কর্মকর্তা ইয়াকুব আলী উপস্থিত ছিলেন।
উপদেষ্টা বলেন, বাজারে জ্বালানি তেলের যে সংকটের ধারণা তৈরি হয়েছে তা মূলত ‘প্যানিক বায়িং’ এবং কিছু অসাধু ব্যবসায়ীর অবৈধ মজুতের কারণে সৃষ্টি হয়েছে।
তিনি জানান, বিভিন্ন পেট্রোল পাম্পে জ্বালানি সরবরাহের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের তুলনায় এ বছর অনেক বেশি জ্বালানি সরবরাহ করা হয়েছে। উদাহরণ হিসেবে তিনি বলেন, রাজধানীর পিডব্লিউডি স্পোর্টস ক্লাব পাম্পে গত বছর পুরো মাসে ৩ লাখ ১৫ হাজার লিটার অকটেন সরবরাহ করা হলেও এ বছর এপ্রিলের মাত্র ১৯ দিনেই ২ লাখ ৭০ হাজার লিটার সরবরাহ করা হয়েছে। একইভাবে ডিজেলের ক্ষেত্রেও গত বছরের পুরো মাসের সমপরিমাণ সরবরাহ এ বছরের প্রথম ১৯ দিনেই সম্পন্ন হয়েছে।
জ্বালানি মজুদের সর্বশেষ তথ্য তুলে ধরে তিনি জানান, ১৯ এপ্রিল পর্যন্ত দেশে ডিজেল রয়েছে ১ লাখ ২২ হাজার ৬৩৩ মেট্রিক টন, অকটেন ২৭ হাজার ৬০২ মেট্রিক টন, পেট্রোল ১ লাখ ৮৪ হাজার ৫৪ মেট্রিক টন এবং জেট ফুয়েল ২১ হাজার ৩৮২ মেট্রিক টন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বাড়তি চাহিদা মোকাবেলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অধীন কোম্পানিগুলোকে ২০ এপ্রিল থেকে বর্ধিত হারে জ্বালানি সরবরাহের নির্দেশ দেওয়া হয়েছে। ফলে ডিজেল ও পেট্রোল ১০ শতাংশ এবং অকটেন ২০ শতাংশ বেশি হারে বরাদ্দ দেওয়া হচ্ছে।
অবৈধ মজুতের বিরুদ্ধে অভিযানের তথ্য তুলে ধরে তিনি জানান, ১৯ এপ্রিল পর্যন্ত ৫৩টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এতে ৪৭টি মামলায় ১ কোটি ৭২ লাখ ৮০ হাজার ৭১৫ টাকা জরিমানা করা হয়েছে এবং ১০ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযানে মোট ৫ লাখ ৬২ হাজার ৮২১ লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে, যার মধ্যে রয়েছে ৩ লাখ ৮১ হাজার ৮০৫ লিটার ডিজেল, ৪০ হাজার ৪০১ লিটার অকটেন, ৯২ হাজার ১১৫ লিটার পেট্রোল এবং চট্টগ্রাম থেকে উদ্ধার হওয়া ৪৮ হাজার ৫০০ লিটার ফার্নেস অয়েল।
জ্বালানি বিতরণ ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল করতে ‘ফুয়েল পাস বিডি’ অ্যাপের পাইলট কার্যক্রম সম্প্রসারণ করা হয়েছে বলে জানান তিনি। বর্তমানে ঢাকা ছাড়াও চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগের মোটরসাইকেল চালকরা এতে নিবন্ধন করতে পারছেন।
তিনি জানান, এখন পর্যন্ত অ্যাপটিতে ১ লাখ ৭০ হাজারের বেশি নিবন্ধন হয়েছে। আপাতত ঢাকা জেলার ১৮টি নির্ধারিত পাম্প থেকে নিবন্ধিত চালকেরা ফুয়েল পাসের মাধ্যমে জ্বালানি সংগ্রহ করতে পারবেন।
গণপরিবহনের ভাড়া প্রসঙ্গে তিনি বলেন, সরকার ভোক্তা ও পরিবহন মালিক—উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় কাজ করছে। ভাড়া বৃদ্ধি পেলে দ্রব্যমূল্যে তার প্রভাব পড়তে পারে, তাই দরিদ্র জনগোষ্ঠীকে সহায়তায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে সরকারের অন্যান্য উদ্যোগও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার চালু, ইটভাটায় কৃষিজমির মাটির ব্যবহার নিষিদ্ধ করা, সুন্দরবনে দস্যুতা দমনে বিশেষ অভিযান, হাওর ও প্রত্যন্ত অঞ্চলে ৪০০টি ওয়াই-ফাই হটস্পট স্থাপন, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প এবং স্বাস্থ্যখাতে হাম টিকাদান কর্মসূচি।
এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু করার বিষয়টিও সরকারের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা।

শেয়ার করুনঃ
Advertisement