বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান
Published : ০২:০৬, ২২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে কাজ করছে বলে আশ্বাস দিয়েছে ইরান। একই সঙ্গে মধ্যপ্রাচ্য ইস্যুতে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ কূটনৈতিক অবস্থানের প্রশংসা করেছে তেহরান।
ঢাকাস্থ ইরান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পারস্পরিক সম্মান ও অভিন্ন মূল্যবোধের ভিত্তিতে বাংলাদেশ ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। একই সঙ্গে দেশটি অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতির প্রতি তাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
এতে আনতালিয়া কূটনীতি ফোরামের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ-এর সাম্প্রতিক বৈঠককে স্বাগত জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয়।
দূতাবাস জানায়, হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচল নিশ্চিত করতে ইরান কাজ করছে। পাশাপাশি আজারবাইজান হয়ে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংলাপ ও কূটনীতির মাধ্যমে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করা হয় এবং বলা হয়, এ ধরনের উদ্যোগ আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুত্বপূর্ণ।
এছাড়া ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহতের ঘটনায় বাংলাদেশের সমবেদনা এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে জরুরি চিকিৎসা সহায়তা পাঠানোর মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।
একই সঙ্গে দূতাবাস মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে কিছু গণমাধ্যমে ‘সিলেক্টিভ’ ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান জানিয়েছে।
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে দূতাবাস পারস্পরিক সম্মান বজায় রাখা এবং দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে— এমন কার্যক্রম পরিহারের আহ্বান জানিয়েছে।


































