দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে: জ্বালানি মন্ত্রী
Published : ০৩:০৫, ১ মে ২০২৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, দেশের জ্বালানি পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং বিদ্যুতের লোডশেডিং অনেকটাই কমেছে।
আজ জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, “কিছুদিন আগেও পেট্রোল সরবরাহ ও বিদ্যুৎ নিয়ে জনমনে উদ্বেগ ছিল। বিরোধী দলের সদস্যরাও এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তবে বর্তমানে পেট্রোলের লাইনের সমস্যা নেই এবং বিদ্যুতের পরিস্থিতিও অনেক উন্নত হয়েছে।”
তিনি জানান, জ্বালানি খাতের উন্নয়নে সরকার ও বিরোধী দল সমন্বিতভাবে কাজ করছে এবং একটি যৌথ কমিটি গঠন করা হয়েছে, যা পরিস্থিতি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখছে।
দেশের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নেতৃত্বের ধারাবাহিকতায় বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
নিজের রাজনৈতিক জীবনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, অতীতে বিভিন্ন আন্দোলন ও সংগ্রামে অংশগ্রহণের অভিজ্ঞতা রয়েছে এবং দেশের স্বাধীনতা সংগ্রাম জাতির জন্য গর্বের বিষয়।
মন্ত্রী আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ না হলে আজকের স্বাধীন বাংলাদেশ এবং সংসদীয় গণতন্ত্র সম্ভব হতো না।


































