বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:২৪, ২ মে ২০২৬

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ৬ দিন বন্ধ থাকার পর পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে। কেন্দ্রটির প্রথম ইউনিট থেকে আবারও জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, শুক্রবার দুপুর থেকে ১২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন প্রথম ইউনিটটি চালু করা হয়। রাত সাড়ে ৮টা থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়।

বর্তমানে চালু হওয়া ইউনিট থেকে প্রায় ৬০ থেকে ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে গত ২৫ এপ্রিল বয়লারের পাইপ ফেটে যাওয়ায় ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়।

২০০৬ সালে ৫২৫ মেগাওয়াট ক্ষমতা নিয়ে চালু হওয়া বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রটি পার্বতীপুরের কয়লাখনির কয়লা ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করে। শুরুতে দুটি ১২৫ মেগাওয়াট ইউনিট থাকলেও ২০১৭ সালে আরও একটি ২৭৫ মেগাওয়াট ইউনিট যুক্ত করা হয়। তবে বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটি নিয়মিত পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারেনি।

কেন্দ্রটির সহকারী প্রধান প্রকৌশলী মোহসিনুল ফিরোজ জানান, দ্বিতীয় ও তৃতীয় ইউনিটের মেরামত কাজ চলমান রয়েছে। তৃতীয় ইউনিটের ওভারহলিং কার্যক্রম শেষ হলে আগামী ১৫ মে’র মধ্যে উৎপাদন শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, এর আগে একাধিকবার যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ থাকায় দিনাজপুরসহ উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন সৃষ্টি হয়েছিল। এখন পুনরায় উৎপাদন শুরু হওয়ায় পরিস্থিতির উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

     

শেয়ার করুনঃ
Advertisement