সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী
Published : ১৬:৩৭, ২ মে ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ সমাজকে মাদকাসক্তি, সামাজিক অবক্ষয় এবং অতিরিক্ত ডিভাইস-নির্ভরতা থেকে রক্ষা করতে ক্রীড়া চর্চা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, এই আয়োজন শিশু-কিশোরদের মধ্যে শৃঙ্খলা, ভ্রাতৃত্ববোধ, নেতৃত্বগুণ এবং দলগত ঐক্যের চেতনা গড়ে তুলবে, যা একটি শক্তিশালী রাষ্ট্র নির্মাণে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে।
প্রধানমন্ত্রী বলেন, খেলাধুলায় প্রতিভা দেখানো তরুণদের ভবিষ্যতে অর্থনৈতিক অনিশ্চয়তায় না পড়তে দিতে সরকার ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। নির্বাচিত ক্রীড়াবিদদের জন্য রাষ্ট্রীয় ক্রীড়াবৃত্তি, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর মাধ্যমে বিশ্বমানের প্রশিক্ষণ এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং এটি একটি সম্মানজনক ও লাভজনক পেশা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সরকার ক্রীড়াকে মর্যাদাপূর্ণ পেশা হিসেবে প্রতিষ্ঠা এবং খেলোয়াড়দের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচির মাধ্যমে সারাদেশের ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে লুকায়িত ক্রীড়া প্রতিভা খুঁজে বের করে তাদের জন্য একটি টেকসই ও পেশাদার প্ল্যাটফর্ম তৈরি করা হবে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন, সঠিক প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে এই খুদে প্রতিভারাই ভবিষ্যতে দেশের ক্রীড়াঙ্গনে নেতৃত্ব দেবে এবং আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের সুনাম বয়ে আনবে।
যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণের এই উদ্যোগ দেশের ক্রীড়াঙ্গনে একটি ইতিবাচক ও যুগান্তকারী পরিবর্তন আনবে বলেও তিনি আশা প্রকাশ করেন।


































