স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য আসছে কর ছাড়, হবে ৪০০ কোটি টাকার তহবিল
Published : ২০:৫৮, ১৬ জুন ২০২৬
আসন্ন ২০২৬–২৭ অর্থবছরের বাজেটে স্টার্টআপ প্রতিষ্ঠান, ফ্রিল্যান্সার এবং কনটেন্ট ক্রিয়েটরদের জন্য একাধিক প্রণোদনা দেওয়ার পরিকল্পনা করছে সরকার। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এসব খাতকে উৎসাহিত করতে বিভিন্ন ধরনের কর ছাড় ও কর অব্যাহতির প্রস্তাব বাজেটে অন্তর্ভুক্ত হতে পারে।
জাতীয় সংসদে আগামী ১১ জুন উপস্থাপিত হতে যাওয়া প্রস্তাবিত বাজেটে তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ উদ্যোগের ইঙ্গিত পাওয়া গেছে। পাশাপাশি স্টার্টআপ, নারী ও তরুণ উদ্যোক্তাদের সহায়তায় ৪০০ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠনের পরিকল্পনাও রয়েছে।
অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, ডিজিটাল অর্থনীতি সম্প্রসারণ এবং তরুণদের আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহ দিতে কিছু খাতে বিদ্যমান কর প্রত্যাহার বা হ্রাসের বিষয় বিবেচনা করা হচ্ছে। বর্তমানে আইটি খাতের বাইরে অনেক ফ্রিল্যান্সারকে ৭.৫ শতাংশ কর দিতে হয়। এই কর অব্যাহতির বিষয়টিও সরকারের বিবেচনায় রয়েছে।
এনবিআর সূত্র অনুযায়ী, স্টার্টআপ প্রতিষ্ঠানের ওপর স্থানীয় পর্যায়ে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব আসতে পারে। একই সঙ্গে সেবা আমদানি এবং অফিস বা স্থাপনা ভাড়ার ক্ষেত্রেও ১৫ শতাংশ ভ্যাট মওকুফের প্রস্তাব রাখা হতে পারে। এসব সুবিধা ২০৩৫ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া প্রযুক্তিনির্ভর ব্যবসা, উদ্ভাবনী উদ্যোগ এবং স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য টার্নওভার কর শূন্য শতাংশে নামিয়ে আনার প্রস্তাবও বিবেচনায় রয়েছে। বর্তমানে এসব প্রতিষ্ঠানের ওপর ০.১ শতাংশ টার্নওভার কর প্রযোজ্য।
ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে ইউটিউব, ফেসবুক, টিকটকসহ আন্তর্জাতিক ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে অর্জিত আয় করমুক্ত রাখার ঘোষণাও বাজেটে আসতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চলতি অর্থবছরে স্টার্টআপ তহবিলে ২০০ কোটি টাকা বরাদ্দ থাকলেও আগামী অর্থবছরে তা দ্বিগুণ করে ৪০০ কোটি টাকায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ‘স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড’ এবং অর্থ বিভাগের বিভিন্ন তহবিলের মাধ্যমে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য স্বল্পসুদে ঋণের ব্যবস্থাও করা হবে।
খাতসংশ্লিষ্ট উদ্যোক্তারা মনে করছেন, দেশীয় বিনিয়োগের ঘাটতি দূর করতে নতুন তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। একই সঙ্গে কর ছাড়ের উদ্যোগ স্টার্টআপ ও ডিজিটাল উদ্যোক্তাদের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।


































