২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা

২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টিতে ৬০ হাজার কোটি টাকার প্রণোদনা তহবিল ঘোষণা ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:১১, ১২ জুন ২০২৬

দেশীয় কৃষি, ক্ষুদ্র ও কুটির শিল্প, সিএমএসএমই খাত এবং বন্ধ বা রুগ্ন শিল্পপ্রতিষ্ঠান পুনরুজ্জীবনের মাধ্যমে ২৫ লাখের বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার বিশেষ প্রণোদনা তহবিল ঘোষণা করেছে সরকার।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খাসরু মাহমুদ চৌধুরী এ ঘোষণা দেন।

বাজেট বক্তৃতায় তিনি জানান, বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ও পুনঃঅর্থায়ন (রিফাইন্যান্সিং) ব্যবস্থার আওতায় এ তহবিল পরিচালিত হবে। মোট ৬০ হাজার কোটি টাকার মধ্যে ৪১ হাজার কোটি টাকা রিফাইন্যান্সিং তহবিল এবং ১৯ হাজার কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের নিজস্ব উৎস থেকে সরবরাহ করা হবে।

মন্ত্রী বলেন, কর্মসংস্থান ও উৎপাদন বৃদ্ধিকে কেন্দ্র করে পাঁচটি বিশেষ প্যাকেজ চালু করা হয়েছে। এর মধ্যে বন্ধ কলকারখানা পুনরায় চালু করা ও সেবা খাতের জন্য ২০ হাজার কোটি টাকা, কৃষি ও গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে ১০ হাজার কোটি টাকা, সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকা, রপ্তানি বহুমুখীকরণে ৩ হাজার কোটি টাকা এবং উত্তরবঙ্গকে কৃষি হাব হিসেবে গড়ে তুলতে ৩ হাজার কোটি টাকার প্রণোদনা বরাদ্দ রাখা হয়েছে।

সরকারের হিসাব অনুযায়ী, এসব উদ্যোগের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ২৫ লক্ষাধিক নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে।

অর্থমন্ত্রী আরও জানান, উদ্যোক্তাদের চলতি মূলধন ও উৎপাদন সম্প্রসারণে সহায়তা দিতে সরকার ঋণের ওপর ৬ শতাংশ সুদ ভর্তুকি দেবে। ফলে উদ্যোক্তাদের প্রকৃত সুদের হার বাজারভিত্তিক প্রচলিত সুদের তুলনায় অর্ধেকেরও কম হবে।

তিনি বলেন, এই পদক্ষেপ শিল্প খাতের প্রতিযোগিতা সক্ষমতা বাড়াবে, নতুন বিনিয়োগ উৎসাহিত করবে এবং বেসরকারি খাতে ঋণপ্রবাহ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রী উল্লেখ করেন, বেসরকারি খাতে অর্থায়ন বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে অর্থনীতিকে আরও গতিশীল করার যে নির্বাচনী প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, এই প্রণোদনা তহবিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

শেয়ার করুনঃ
Advertisement