কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব, বাড়বে রেমিট্যান্স ও ডিজিটাল সেবার পরিধি

কমিউনিটি ব্যাংক ও নগদের কৌশলগত অংশীদারিত্ব, বাড়বে রেমিট্যান্স ও ডিজিটাল সেবার পরিধি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৭:১৯, ২০ আগস্ট ২০২৬

গ্রাহকদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি করেছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি। এ অংশীদারিত্বের ফলে রেমিট্যান্স, অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারসহ বিভিন্ন ডিজিটাল লেনদেন সুবিধা আরও সম্প্রসারিত হবে।

বৃহস্পতিবার রাজধানীর পুলিশ প্লাজা কনকর্ডে কমিউনিটি ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এ চুক্তি স্বাক্ষর করা হয়। কমিউনিটি ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং নগদের পক্ষে বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় কমিউনিটি ব্যাংকের গ্রাহকেরা সরাসরি নগদ ওয়ালেটে ‘অ্যাড মানি’ করতে পারবেন। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্ট ও নগদ ওয়ালেটের মধ্যে চালু হবে দ্বিমুখী ‘ফান্ড ট্রান্সফার’ সুবিধা। এতে গ্রাহকদের দৈনন্দিন ডিজিটাল লেনদেন আরও সহজ ও দ্রুত হবে।

অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ একটি দিক হলো রেমিট্যান্স সেবা সম্প্রসারণ। কমিউনিটি ব্যাংকের মাধ্যমে দেশে আসা বৈদেশিক রেমিট্যান্স নগদের বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে দেশের বিভিন্ন অঞ্চলের সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। এর ফলে প্রান্তিক পর্যায়ের গ্রাহকেরাও সহজে রেমিট্যান্স গ্রহণ ও উত্তোলন করতে পারবেন।

এ ছাড়া গ্রাহক অনবোর্ডিং এবং প্রয়োজনীয় সিস্টেম ইন্টিগ্রেশন প্রক্রিয়া সহজ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে কমিউনিটি ব্যাংকের ডিজিটাল সেবা সক্ষমতা এবং গ্রাহকপ্রাপ্তির পরিধি আরও বাড়ানোর সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, নগদের শক্তিশালী নেটওয়ার্ক ও ডিজিটাল সক্ষমতা কাজে লাগিয়ে ব্যাংকের সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে রেমিট্যান্স ও ডিজিটাল লেনদেনের ক্ষেত্রে এই অংশীদারিত্ব গ্রাহকদের জন্য সহজ, দ্রুত ও কার্যকর সেবা নিশ্চিত করতে সহায়ক হবে।

নগদের বাংলাদেশ ব্যাংক নিযুক্ত প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ বলেন, গ্রাহকদের জন্য সহজ ও দ্রুত ডিজিটাল আর্থিক সেবা নিশ্চিত করতে ব্যাংকগুলোর সঙ্গে অংশীদারিত্ব আরও বিস্তৃত করা হচ্ছে। কমিউনিটি ব্যাংকের সঙ্গে এই সমন্বয়ের মাধ্যমে রেমিট্যান্স, অ্যাড মানি ও ফান্ড ট্রান্সফারের মতো গুরুত্বপূর্ণ সেবা আরও সহজে দেওয়ার সুযোগ তৈরি হয়েছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক ও নগদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ
Advertisement