লন্ডনে শিক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর উপদেষ্টার সঙ্গে ব্রিটিশ কাউন্সিল কর্মকর্তাদের বৈঠক
Published : ০১:৫৮, ২১ মে ২০২৬
যুক্তরাজ্যের লন্ডনে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে ব্রিটিশ কাউন্সিলের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার অনুষ্ঠিত এ বৈঠকে ব্রিটিশ কাউন্সিলের ‘গ্রোথ মার্কেট’ বিভাগের পরিচালক হ্যারিয়েট গার্ডনার এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস অংশ নেন।
বৈঠকে বাংলাদেশের ইংরেজি শিক্ষার কারিকুলাম আধুনিকায়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা উন্নয়ন এবং বাংলা ও ইংরেজি মাধ্যমের শিক্ষাক্রমের মধ্যে সমন্বয় সাধনে ব্রিটিশ কাউন্সিলের সম্ভাব্য সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে যুগোপযোগী রূপান্তর আনতে ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতামূলক প্রস্তাবকে স্বাগত জানান। তারা ভবিষ্যতে শিক্ষা উন্নয়নে যৌথভাবে কাজ করার আগ্রহও প্রকাশ করেন।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য ও ব্রিটিশ কাউন্সিলের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



































