উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

উচ্চশিক্ষার রূপান্তরে ইউজিসির কর্মশালা আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

Published : ০১:৪৮, ১২ মে ২০২৬

দেশের উচ্চশিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী, আধুনিক ও টেকসই করার লক্ষ্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এক জাতীয় কর্মশালার আয়োজন করেছে। ‘বাংলাদেশে উচ্চশিক্ষা রূপান্তর : টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শীর্ষক এ কর্মশালা আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল ১০টায় দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটি তাঁর প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি।

আজ বিকেলে কমিশনের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মশালার বিভিন্ন দিক তুলে ধরেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেন, দেশের উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের শিক্ষা নিশ্চিত করতে এ কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অংশগ্রহণকারীদের মতামতের ভিত্তিতে উচ্চশিক্ষা উন্নয়নে বাস্তবসম্মত নীতিগত পথনকশা প্রণয়ন করা হবে বলেও জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

উদ্বোধনী পর্ব শেষে পাঁচটি কারিগরি অধিবেশন অনুষ্ঠিত হবে। এসব অধিবেশনে শিক্ষার্থীদের কর্মসংস্থান সক্ষমতা, সফট স্কিল উন্নয়ন, চাহিদাভিত্তিক শিক্ষা, শিল্প ও শিক্ষাঙ্গনের সমন্বয়, বৈশ্বিক প্রতিযোগিতা, ডিজিটাল রূপান্তর, ডিজিটাল সাক্ষরতা, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, গবেষণায় উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, সুশাসন, মান নিশ্চিতকরণ এবং প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে আলোচনা ও সুপারিশ প্রণয়ন করা হবে।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এছাড়া বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতার হোসেন খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
 

শেয়ার করুনঃ
Advertisement