এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সার্বক্ষণিক ইন্টারনেটসহ সিসি ক্যামেরা চালুর নির্দেশ

এইচএসসি পরীক্ষাকেন্দ্রে সার্বক্ষণিক ইন্টারনেটসহ সিসি ক্যামেরা চালুর নির্দেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০২:১৫, ২ জুন ২০২৬

আসন্ন এইচএসসি-২০২৬ পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের লক্ষ্যে সকল পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ সচল রাখার নির্দেশ দিয়েছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক জরুরি চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়েছে, পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর সিসি টিভি ব্যবস্থার কার্যকর মনিটরিং নিশ্চিত করতে ডিজিটাল ভিডিও রেকর্ডার (ডিভিআর) ও নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (এনভিআর)-এর সঙ্গে সার্বক্ষণিক ইন্টারনেট সংযোগ চালু রাখতে হবে।

এছাড়া ট্রেজারি বা থানা থেকে প্রশ্নপত্র সংগ্রহের দায়িত্বে নিয়োজিত শিক্ষক, কর্মচারী ও ট্যাগ অফিসারদের বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে বোর্ডে পাঠাতে বলা হয়েছে।

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, আগামী ৮ জুনের মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলোকে সিসি ক্যামেরার আইডি ও পাসওয়ার্ড, ক্যামেরার ব্র্যান্ড, ডিভাইসের সিরিয়াল নম্বরসহ প্রয়োজনীয় প্রযুক্তিগত তথ্য এবং প্রশ্নপত্র গ্রহণে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের নাম, ঠিকানা ও মোবাইল নম্বর [[email protected]](mailto:[email protected]) ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

শিক্ষা বোর্ড জানিয়েছে, পরীক্ষার নিরাপত্তা ও প্রশ্নপত্র ব্যবস্থাপনায় সর্বোচ্চ স্বচ্ছতা নিশ্চিত করতেই এসব তথ্য সংগ্রহ করা হচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement