শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন প্রকল্প নিতে আগ্রহী ইউনেস্কো
Published : ০৪:১৩, ৬ মে ২০২৬
বাংলাদেশের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সামাজিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন একটি প্রকল্প গ্রহণের আগ্রহ প্রকাশ করেছে ইউনেস্কো। মঙ্গলবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে ইউনেস্কো প্রতিনিধি দল এ আগ্রহের কথা জানায়।
ইউনেস্কো বাংলাদেশ প্রতিনিধি ড. সুজান ভাইজের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এই সাক্ষাতে অংশ নেন। দলে আরও ছিলেন ইউনেস্কো ঢাকা অফিসের শিক্ষা প্রধান নরিহিড ফুরুকাওয়া, ইউনেস্কো এমজিআইইপি-এর ড. রিচা বানশাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক সৈয়দ তানভীর রহমান এবং প্রোগ্রাম অফিসার রাজু দাস।
সাক্ষাৎকালে প্রতিনিধি দল ২০২৪ সালের আগস্টের গণআন্দোলনের পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় চলমান কার্যক্রম সম্পর্কে আলোচনা করেন। পূর্ববর্তী প্রকল্পের সফলতার ভিত্তিতে নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনাও তুলে ধরেন তারা।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নানা কারণে মানসিক চাপে থাকে। এই সমস্যার মূল কারণ চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা না নিলে শিক্ষার পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে।
তিনি আরও বলেন, দেশের প্রায় ৮০ শতাংশ শিক্ষার্থী মফস্বল থেকে আসায় নতুন পরিবেশে খাপ খাইয়ে নিতে গিয়ে অনেকেই মানসিক চাপ ও হতাশায় ভোগেন। এ পরিস্থিতি মোকাবিলায় মানসিক স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সফট স্কিল উন্নয়ন জরুরি।
বৈঠকে উভয় পক্ষ নতুন প্রকল্প বাস্তবায়নে একটি যৌথ ওয়ার্কিং কমিটি গঠনের বিষয়ে একমত হয়।
এর আগে ইউনেস্কো ও ইউজিসির যৌথ উদ্যোগে ২২টি বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে সরাসরি এবং আরও ২০ হাজার শিক্ষার্থীকে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে মানসিক স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে।



































