শিক্ষায় বিনিয়োগ বাড়িয়ে দক্ষ মানবসম্পদ গঠনে সরকারের অগ্রাধিকার

শিক্ষায় বিনিয়োগ বাড়িয়ে দক্ষ মানবসম্পদ গঠনে সরকারের অগ্রাধিকার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:০২, ৮ মে ২০২৬

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে শিক্ষাখাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

রাজধানীর হোটেল শেরাটনে ইউনিসেফ আয়োজিত এক অনুষ্ঠানে গতকাল (বৃহস্পতিবার) প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে শিক্ষা খাতে প্রয়োজনীয় বিনিয়োগ নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার।

তিনি জানান, সরকার দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পাঁচ শতাংশ শিক্ষা খাতে ব্যয়ের পরিকল্পনা করছে। তার ভাষায়, “শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ও মানোন্নয়নের জন্য জিডিপির ৫ শতাংশ পর্যন্ত ব্যয় করার প্রস্তুতি রয়েছে।”

ড. আ ন ম এহছানুল হক মিলন আরও বলেন, অতীতে শিক্ষা খাতে বিনিয়োগ কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি। দক্ষ মানবসম্পদ তৈরির লক্ষ্যেই এখন শিক্ষায় বরাদ্দ বাড়ানো হচ্ছে।

তিনি বলেন, প্রাথমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হচ্ছে। ডিজিটাল ক্লাসরুম বাস্তবায়নে সরকারের নতুন উদ্যোগ রয়েছে বলেও তিনি জানান।

মন্ত্রী আরও উল্লেখ করেন, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে ইন্টারেক্টিভ ডিজিটাল ক্লাসরুম সম্প্রসারণের কাজ চলছে।

শেয়ার করুনঃ
Advertisement