শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াই-ফাই, মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা প্রস্তাব বাজেটে
Published : ১৭:২৬, ১১ জুন ২০২৬
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে শিক্ষাখাতে একাধিক নতুন উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা চালু এবং মেয়েদের স্নাতক (পাস) পর্যন্ত শিক্ষা সম্পূর্ণ অবৈতনিক করার প্রস্তাব বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বাজেটে শিক্ষা খাতকে আরও অন্তর্ভুক্তিমূলক, প্রযুক্তিনির্ভর এবং শিক্ষাবান্ধব করার নানা উদ্যোগ তুলে ধরা হবে।
প্রস্তাবিত বাজেট অনুযায়ী, দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের বিদ্যালয় থেকে ঝরে পড়া রোধে বিনামূল্যে স্কুল ইউনিফর্ম, জুতা এবং স্কুলব্যাগ সরবরাহ করা হবে। পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য প্রয়োজনীয় শিক্ষা উপকরণ ও সহায়ক প্রযুক্তি বিনামূল্যে প্রদানের উদ্যোগ নেওয়া হবে।
শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়ন, মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর শিক্ষা ব্যবস্থা চালুর উদ্যোগও অন্তর্ভুক্ত করা হয়েছে।
এছাড়া শিক্ষার্থীদের পুষ্টি ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মিড-ডে মিল কর্মসূচি চালু করে পর্যায়ক্রমে দেশের সব অঞ্চলে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। ছাত্রী ও শিক্ষিকাদের স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
বাজেটে আরও উল্লেখ করা হয়েছে, বিদেশে অবস্থানরত উচ্চশিক্ষিত ও দক্ষ বাংলাদেশিদের জ্ঞান, অভিজ্ঞতা এবং গবেষণা সক্ষমতাকে দেশের শিক্ষা ও গবেষণা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষায় সমতা বৃদ্ধি, ডিজিটাল দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমাতে ইতিবাচক প্রভাব ফেলবে।

































