গোলাম রব্বানীর ডাকসুর জিএস পদ বাতিল হচ্ছে
Published : ১৪:৪৮, ২৩ জুন ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ২০১৯-এর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রব্বানীর পদ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেট। সোমবার (২২ জুন) অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ডাকসু নির্বাচনের সময় গোলাম রব্বানীর ছাত্রত্বের বৈধতা নিয়ে দীর্ঘদিন ধরে যে বিতর্ক ছিল, তা পর্যালোচনার পর সিন্ডিকেট তার জিএস পদ বাতিলের সিদ্ধান্ত নেয়। বিষয়টি এখন প্রয়োজনীয় আইনগত মতামতের জন্য আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী বলেন, ডাকসু নির্বাচনের সময় গোলাম রব্বানীর ছাত্রত্ব না থাকায় তার সাধারণ সম্পাদক পদ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য বিষয়টি আইন উপদেষ্টার কাছে পাঠানো হয়েছে।
সিন্ডিকেটের এক সদস্য জানান, সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও শৃঙ্খলাজনিত বিষয়ও আলোচিত হয়েছে। জুলাই আন্দোলনে বিতর্কিত ভূমিকার অভিযোগে তিনজন অধ্যাপককে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া একজন শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনকারী শিক্ষার্থীদের হুমকি দেওয়া এবং নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ থাকায় তাকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল গোলাম রব্বানীর এমফিল প্রোগ্রামে ভর্তি যথাযথ নিয়ম অনুসরণ করে হয়নি বলে তা বাতিলের সুপারিশ করে। একই সঙ্গে ২০১৯ সালের ডাকসু নির্বাচনে তার সাধারণ সম্পাদক (জিএস) পদকে অবৈধ ঘোষণারও সুপারিশ করা হয়েছিল।
২০১৯ সালের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন গোলাম রব্বানী। তবে তার ছাত্রত্ব ও ভর্তি প্রক্রিয়া নিয়ে পরবর্তীতে নানা প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়। সর্বশেষ সিন্ডিকেটের সিদ্ধান্তের মাধ্যমে সেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।


































