মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব

মাধ্যমিক ও উচ্চ শিক্ষায় ৫৭ হাজার ৩০১ কোটি টাকার বরাদ্দ প্রস্তাব অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:৩৫, ১২ জুন ২০২৬

দেশকে দক্ষতাভিত্তিক অর্থনীতিতে রূপান্তর এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জন্য ৫৭ হাজার ৩০১ কোটি ৬৮ লাখ টাকার বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এ খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী শিক্ষা খাতে মোট ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকার রেকর্ড বরাদ্দের প্রস্তাব দেন। প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকারপ্রাপ্ত খাত হিসেবে বিবেচনা করা হয়েছে।

প্রস্তাবিত বরাদ্দের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পরিচালন ব্যয়ের জন্য ৩২ হাজার ৮৬৭ কোটি ২৪ লাখ টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ২৪ হাজার ৪৩৪ কোটি ৪৪ লাখ টাকা রাখা হয়েছে।

শিক্ষার্থীদের বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে বেশ কয়েকটি নতুন উদ্যোগের ঘোষণা দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মাধ্যমিক পর্যায়ে ২৫ হাজার নতুন মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন, ১০০টি বিদ্যালয়ে ব্লেন্ডেড ল্যাব স্থাপন এবং ল্যাব সুপারভাইজর নিয়োগ।

এছাড়া নতুন শিক্ষাক্রমের আওতায় বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষার জন্য পূর্ণাঙ্গ কারিকুলাম প্রণয়ন, পাঁচটি ভাষা প্রশিক্ষণ মডিউল ও রিসোর্স পুল তৈরি এবং দেশব্যাপী ৫০০টি আধুনিক ভাষা ল্যাব স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।

শিক্ষা অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে ৪ হাজার নতুন শিক্ষা ভবন নির্মাণ এবং অনগ্রসর এলাকায় ৫০০টি নতুন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে ১ হাজার ৪৮৫টি টয়লেট নির্মাণ ও ১ হাজার ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে।

চলমান উন্নয়ন প্রকল্পের আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২১৮টি একাডেমিক ভবন, ২১টি প্রশাসনিক ভবন, ৩৮টি বহুমুখী ভবন এবং ৬০টি আবাসিক হল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলেও বাজেট প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement