গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় পুলিশের বাধা

গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় পুলিশের বাধা

গোপালগঞ্জ প্রতিনিধি

Published : ২০:২৮, ২৯ সেপ্টেম্বর ২০২৪

গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের শোভাযাত্রায় বাধা দিয়েছে পুলিশ। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে সরকারী বঙ্গবন্ধু কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান জানান, গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শোভাযাত্রা বের করে সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগ।

এসময় শোভাযাত্রাটি কলেজ ক্যাম্পাস ঘুরে সড়কের বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে শোভাযাত্রা করতে পারেনি ছাত্রলীগ। এতে শোভাযাত্রায় অংশ নেয়া অনেকেই গ্রেফতার এড়াতে দৌড়ে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, ছাত্রলীগের নেতার্মীদের ছত্রভঙ্গ করা হয়নি। সড়কে বিশৃংখলা সৃষ্টি ও যানবাহন ভাংচুর করতে পারে এমন অশংকায় শোভাযাত্রায় বাধা দেয়া হয়েছে।

এর আগে কলেজ ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে কেক কেটে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন পালন করে ছাত্র লীগের নেতাকর্মীরা।

এসময় গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস, রিয়াজুল করিম রিয়াজ, পৌর ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য হিমেল আহম্মেদ, কাজী অপু, সরকারি বঙ্গবন্ধু কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য কাজী মোঃ বাপ্পি, ছাত্রলীগ নেতা কাজী সাকিব, অন্তর মোল্লা, নাসিম শেখ উপস্থিত ছিলেন।

এসময় গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত কুমার বিশ্বাস বলেন, আজ আমাদের দেশরত্ন শেখ হাসিনার ৭৮ তম জন্মদিন উপলক্ষ্যে সরকারি বঙ্গবন্ধু কলেজ, সদর উপজেলা এবং পৌর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আনন্দ মিছিল এবং কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করে। তখন পুলিশ প্রশাসন আমাদের বাধা দেয় যাতে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচী পালন করতে না পরি। আমরা আনন্দ মিছিল করতে গেলে তা বানচাল করার উদ্দেশ্যে পুলিশ আমাদের বাধা দেয়। আমাদের গণতান্ত্রিক অধিকার ক্ষুন্ন করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এছাড়া জেলার অন্যান্য উপজেলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে ব্যাপক পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। ফলে জন্মদিন পালন করতে পারেন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনগুলো।

বিডি/এন

শেয়ার করুনঃ
Advertisement