খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি, পাঠানো হলো ঢাকায়

খুলনায় সাবেক ছাত্রদল নেতাকে গুলি, পাঠানো হলো ঢাকায় ছবি: সংগৃহীত

খুলনা প্রতিনিধি

Published : ১১:২৬, ২৭ অক্টোবর ২০২৬

খুলনার বটিয়াঘাটায় দুর্বৃত্তদের গুলিতে সোহেল শেখ (৩৬) নামে সাবেক এক ছাত্রদল নেতা গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বড় কড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত সোহেলকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকেরা।

সোহেল শেখ বটিয়াঘাটা উপজেলার ৭ নম্বর আমিরপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি। বর্তমানে তিনি যুবদলের কর্মী হিসেবে রয়েছেন। তিনি বড় কড়িয়া এলাকার গনি শেখের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় সোহেল সড়কের ওপর মোটরসাইকেলে বসে ছিলেন। এ সময় দুটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তদের মধ্যে দুজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় তারা। হামলায় সোহেলের ডান হাত ও পেটের ডান পাশে গুলি লাগে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সার্জারি ইউনিট-১-এর ৯ ও ১০ নম্বর ওয়ার্ডে তাকে ভর্তি করা হয়। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার বিবেচনায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেন কর্তব্যরত চিকিৎসক।

ঘটনার খবর পেয়ে বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও বাইনতলা পুলিশ ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখান থেকে পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে।

হামলায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।

শেয়ার করুনঃ
Advertisement