অভিনয়ে স্বপ্ন বাস্তবের পথে সোনিয়া ইসলাম
Published : ২৩:৩৩, ১৭ জুন ২০২৬
দেশীয় শোবিজ অঙ্গনে নতুন প্রজন্মের সম্ভাবনাময় মুখ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার পথে এগিয়ে চলেছেন অভিনেত্রী সোনিয়া ইসলাম। অভিনয়জগতে তার পথচলা খুব বেশি দিনের না হলেও ইতোমধ্যে নাটক, মিউজিক ভিডিও ও চলচ্চিত্রে কাজ করে দর্শক ও নির্মাতাদের নজর কাড়তে সক্ষম হয়েছেন তিনি।
২০২৪ সালের ১২ নভেম্বর আনুষ্ঠানিকভাবে মিডিয়ায় যাত্রা শুরু করেন সোনিয়া ইসলাম। ঢাকার খিলগাঁওয়ে বেড়ে ওঠা এই তরুণীর গ্রামের বাড়ি ফরিদপুরের নগরকান্দা উপজেলার যবরখালী গ্রামে। সরকারি প্রাইমারি স্কুল ও আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজে পড়াশোনা শেষ করে বর্তমানে তিনি ঢাকার খিলগাঁওয়ে বসবাস করছেন। অভিনয়ের পাশাপাশি জিম ট্রেইনার হিসেবেও কাজ করছেন।
মিডিয়ায় অভিষেকের পর থেকেই নিয়মিত কাজ করে যাচ্ছেন সোনিয়া। তার প্রথম অভিনীত নাটক ‘বউ শাশুড়ির যুদ্ধ’, যা পরিচালনা করেছেন আলমগীর সাগর। একই পরিচালকের ‘পাগল তোর জন্য’ নাটকেও অভিনয় করেছেন তিনি।
এছাড়া নির্মাতা নিকুল কুমার মণ্ডলের পরিচালনায় ‘প্রতীক্ষা’ ও ‘আমরা হানিমুনে যাব’ নাটকে অভিনয় করে দর্শকদের প্রশংসা অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘টাকার গরম’। অন্যদিকে একক নাটক ‘দুটি হৃদয়ের গল্প’-এ অভিনয় করেছেন তিনি, যা পরিচালনা করেছেন সাইদুল মোরসালিন।
মাত্র দুই বছরেরও কম সময়ে সোনিয়া ইসলাম প্রায় ৪৫টি নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে ৩৭টি নাটক ইতোমধ্যে মুক্তি পেয়েছে। পাশাপাশি তিনি পাঁচটি মিউজিক ভিডিওতেও অংশ নিয়েছেন।
ছোটপর্দার পাশাপাশি বড়পর্দাতেও নিজের অবস্থান গড়ে তুলছেন এই অভিনেত্রী। তিনি ইতোমধ্যে দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে সাইফ চন্দন পরিচালিত ‘মালিক’ চলতি বছরের ঈদে মুক্তি পেয়েছে। এছাড়া বড়ুয়া মনোজিৎ ধীমন পরিচালিত ‘রুটস’ চলচ্চিত্রেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি।
অভিনয়কে কেন্দ্র করেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে চান সোনিয়া ইসলাম। নিয়মিত কাজ, পরিশ্রম এবং আত্মবিশ্বাসকে পুঁজি করে তিনি আরও বড় পরিসরে কাজ করার স্বপ্ন দেখছেন। নতুন নতুন চরিত্রে নিজেকে উপস্থাপন করে দর্শকদের ভালোবাসা অর্জন করাই তার প্রধান লক্ষ্য।

































