মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১০:৫৬, ১৬ জুন ২০২৬

মানবিক রাষ্ট্র গঠন এবং সমাজে মানবিক মূল্যবোধ বিকাশে গণমাধ্যমকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে ইলেকট্রনিক মিডিয়ার নির্বাহী ও বার্তা প্রধানদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। সভাটি দুপুর পৌনে ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

সভা শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী দেশের সার্বিক উন্নয়ন ও সমাজ গঠনের কাজে গণমাধ্যমের সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মনে করেন সমাজে শুধু রাজনৈতিক আলোচনা নয়, মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক মূল্যবোধ নিয়েও বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।

প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী উদাহরণ দিয়ে বলেন, অনেক সময় কোনো মানুষ বা প্রাণীর ওপর নির্যাতনের ঘটনা ঘটলেও সাহায্যের পরিবর্তে অনেকে শুধু ভিডিও ধারণে ব্যস্ত থাকেন। এই প্রবণতা থেকে বেরিয়ে এসে মানবিক অনুভূতি ও সামাজিক দায়িত্ববোধ জাগিয়ে তোলার প্রয়োজনীয়তার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

সালেহ শিবলী আরও জানান, প্রধানমন্ত্রী গণমাধ্যম প্রতিনিধিদের বিভিন্ন মতামত মনোযোগ দিয়ে শুনেছেন এবং ভবিষ্যতেও মিডিয়ার সঙ্গে নিয়মিত সংলাপ ও মতবিনিময়ের আগ্রহ প্রকাশ করেছেন।

মতবিনিময় সভায় বিভিন্ন টেলিভিশন চ্যানেলের শীর্ষ কর্মকর্তা ও বার্তা প্রধানরা অংশ নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীও বক্তব্য দেন।

সভায় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান ও মাহদী আমিন, স্পিচ রাইটার এস. এ. এম. মাহফুজুর রহমান, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রধানমন্ত্রী উপস্থিত গণমাধ্যম কর্মকর্তাদের মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement