আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চলে সবুজ অবকাঠামো নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর আজ জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: প্রধানমন্ত্রীর কার্যালয়

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৯:৩৯, ১৬ জুন ২০২৬

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলকে পরিবেশবান্ধব ও টেকসই শিল্পাঞ্চল হিসেবে গড়ে তুলতে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা চালু এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেওয়া হয়। সভায় পরিবেশ সুরক্ষা এবং টেকসই জ্বালানি ব্যবস্থার বিষয়গুলো অন্তর্ভুক্ত করার শর্তে ‘চীনা অর্থনৈতিক ও শিল্প অঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো প্রকল্প’ অনুমোদন করা হয়।

সভা শেষে রাজধানীর এনইসি সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের ব্রিফিংয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি জানান, প্রকল্পটির মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ৪ হাজার ১৮৯ কোটি ৪৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের অর্থায়ন থাকবে প্রায় ১ হাজার ৭২২ কোটি টাকা এবং বাকি অর্থ প্রকল্প ঋণ ও অনুদান থেকে আসবে।

প্রকল্প প্রস্তাব পর্যালোচনার সময় প্রধানমন্ত্রী শিল্পায়নের পাশাপাশি পরিবেশ সংরক্ষণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে শিল্পবর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি আধুনিক ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থা গড়ে তোলার নির্দেশ দেন।

এছাড়া একটি আধুনিক বর্জ্য শোধনাগার (ইটিপি) স্থাপন এবং শোধিত পানি পুনঃব্যবহারের উপযোগী করার নির্দেশনাও দেন তিনি। প্রকল্প নকশায় কোনো পরিবেশগত দুর্বলতা বা ঘাটতি না থাকে, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে শিল্পাঞ্চলে সৌরভিত্তিক নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাধ্যতামূলক করার পাশাপাশি ব্যাপকভাবে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য ব্যবস্থাপনা, পানি শোধন ও পুনর্ব্যবহার ব্যবস্থা এবং নবায়নযোগ্য জ্বালানির সংযোজনসংক্রান্ত নির্দেশনা বাস্তবায়নের শর্তেই প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়েছে। চূড়ান্ত বাস্তবায়ন পরিকল্পনায় এসব পরিবেশবান্ধব উদ্যোগের প্রতিফলন থাকতে হবে।

শেয়ার করুনঃ
Advertisement