বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে দেশজুড়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে দেশজুড়ে প্রশিক্ষণ কার্যক্রম চলছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ছবি : ভিডিও থেকে নেওয়া

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৯:৫০, ১৬ জুন ২০২৬

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক জানিয়েছেন, বেকার যুবকদের আত্মকর্মসংস্থান ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে দেশব্যাপী বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হচ্ছে।

সংসদে সংরক্ষিত নারী আসনের সদস্য আরিফা সুলতানার এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, যুব উন্নয়ন অধিদপ্তরের আওতায় দেশের সব জেলা ও উপজেলা যুব উন্নয়ন কার্যালয় এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক উভয় ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

তিনি জানান, প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের আওতায় ৪১টি ট্রেড রয়েছে, যেগুলোর মেয়াদ এক থেকে ছয় মাস। উল্লেখযোগ্য প্রশিক্ষণগুলোর মধ্যে রয়েছে পোশাক তৈরি, ব্লক-বাটিক, মৎস্য চাষ, আধুনিক অফিস ব্যবস্থাপনা ও কম্পিউটার প্রশিক্ষণ, ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিং, ইলেকট্রনিক্স, রেফ্রিজারেশন ও এয়ার কন্ডিশনিং, এবং মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং। এসব প্রশিক্ষণ অনাবাসিকভাবে পরিচালিত হয়।

এছাড়া জেলা পর্যায়ের আবাসিক যুব প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে গবাদিপশু পালন, হাঁস-মুরগি পালন, গরু মোটাতাজাকরণ, মৎস্য চাষ এবং কৃষিভিত্তিক বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের আওতায় ৪২টি ট্রেড রয়েছে, যা উপজেলা পর্যায়ে স্থানীয় চাহিদা অনুযায়ী পরিচালিত হয়। এর মধ্যে পারিবারিক হাঁস-মুরগি পালন, ছাগল পালন, গাভী পালন, কবুতর পালন, মৌমাছি চাষ, সবজি চাষ, নার্সারি ব্যবস্থাপনা, সোলার প্যানেল স্থাপন, নকশিকাঁথা তৈরি এবং বাঁশ-বেতের পণ্য তৈরির মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

প্রতিমন্ত্রী আরও জানান, জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মাধ্যমে ১৮ থেকে ৩৫ বছর বয়সী বেকার যুবক-যুবতীদের জন্য তথ্যপ্রযুক্তি (আইসিটি), ফ্রিল্যান্সিং, কৃষি, পর্যটন, তৈরি পোশাক শিল্প (আরএমজি), খাদ্য ও পানীয় ব্যবস্থাপনা এবং ভাষা শিক্ষাসহ বিভিন্ন মেয়াদি প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement