বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত : প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ডকে সমর্থনের ইঙ্গিত : প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৯:৪২, ১৬ জুন ২০২৬

বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দলের নাম সরাসরি উল্লেখ না করলেও ইংল্যান্ডের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিএনপি বিটের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় অনুষ্ঠানে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পরোক্ষভাবে নিজের পছন্দের দলের ইঙ্গিত দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সিনিয়র সাংবাদিক সুমন মাহমুদ প্রধানমন্ত্রীর কাছে জানতে চান, চলমান ফুটবল বিশ্বকাপে তিনি কোন দলকে সমর্থন করছেন। জবাবে তারেক রহমান সরাসরি কোনো দেশের নাম না বলে বলেন, “আমি দীর্ঘদিন একটি দেশে ছিলাম, বুঝতেই তো পারছেন।”

এরপর হাস্যোজ্জ্বল ভঙ্গিতে তিনি প্রশ্নকারী সাংবাদিককে উদ্দেশ করে বলেন, “আপনি আপনার উত্তর পেয়েছেন তো?”

প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর উপস্থিতদের মধ্যে ধারণা তৈরি হয় যে তিনি ইংল্যান্ডের প্রতি সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। তারেক রহমান ২০০৮ সালে চিকিৎসার উদ্দেশ্যে যুক্তরাজ্যে যান এবং সেখানে দীর্ঘ সময় অবস্থান করেন। পরে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি পরিবারসহ দেশে ফিরে আসেন।

উল্লেখ্য, ২০২৬ ফিফা বিশ্বকাপ গত ১১ জুন মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে। এবারের আসরে রেকর্ড ৪৮টি দল অংশ নিচ্ছে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই নিউইয়র্কে।

গ্রুপ পর্বে ইংল্যান্ড তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ জুন, যেখানে প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।

শেয়ার করুনঃ
Advertisement