বাতিল হয়নি সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ

বাতিল হয়নি সালমান শাহর দেহাবশেষ উত্তোলনের আদেশ সালমান শাহ। ফাইল ছবি

বিনোদন ডেস্ক

Published : ১১:৩১, ২৪ জুন ২০২৬

চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পর তার দেহাবশেষ কবর থেকে উত্তোলনের নির্দেশনা ঘিরে নতুন করে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। প্রথমে আদালতের আদেশ বাতিল করা হয়েছে বলে জানানো হলেও পরে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, আদেশ বাতিল নয়, বরং এ সংক্রান্ত আবেদনটি নথিভুক্ত করা হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে দেহাবশেষ উত্তোলনের নির্দেশনা বাতিলের আবেদন করেন মামলার বাদী মোহাম্মদ আলমগীর কুমকুম। শুনানি শেষে আদালতে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা বিচারকের সামনে আদেশ পড়ে শুনিয়ে জানান, বাদীপক্ষের আবেদন মঞ্জুর করা হয়েছে এবং লাশ উত্তোলনের নির্দেশ বাতিল করা হয়েছে।

এরপর বিভিন্ন গণমাধ্যমে দেহাবশেষ উত্তোলনের আদেশ বাতিলের খবর প্রকাশিত হয়। তবে পরে আদালতের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম জানান, আদালত আদেশ বাতিল করেননি; বরং বাদীপক্ষের আবেদনটি নথিভুক্ত (রেকর্ডভুক্ত) করেছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বাদীপক্ষের আইনজীবী আবিদ হাসান। তিনি বলেন, “সকালে প্রকাশ্য আদালতে বিচারকের উপস্থিতিতে লাশ উত্তোলনের আদেশ বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে। পরে শুনছি সেটি নথিভুক্ত করা হয়েছে। বিষয়টি বোধগম্য নয়। বিচার বিভাগের কার্যক্রমে আরও স্বচ্ছতা থাকা প্রয়োজন।”

একই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন মামলার বাদী ও সালমান শাহর মামা আলমগীর কুমকুম। তিনি বলেন, “আমি নিজে কাঠগড়ায় দাঁড়িয়ে আদালতের মুখে ‘এক্সেপটেড’ শব্দটি শুনেছি। পরে হঠাৎ করে বলা হচ্ছে আবেদন নথিভুক্ত হয়েছে। এটি কীভাবে সম্ভব?”

অন্যদিকে প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক শাহ আলম দাবি করেন, আদালতে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা ভুলবশত আদেশের ভুল ব্যাখ্যা দিয়েছিলেন। প্রকৃতপক্ষে আদালত আবেদনটি নথিভুক্ত করেছেন।

আবেদনে উল্লেখ করা হয়, সালমান শাহকে ঢাকার শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে দাফন করা হয়েছে। সেখানে থেকে দেহাবশেষ উত্তোলন ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়। এ বিষয়ে নিহতের মা নীলা চৌধুরীও আপত্তি জানিয়েছেন।

এর আগে চলতি বছরের ২০ মে মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদ আদালতে সালমান শাহর দেহাবশেষ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত ও ময়নাতদন্তের অনুমতি চেয়ে আবেদন করেন। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে আদালত কবর থেকে দেহাবশেষ উত্তোলনের অনুমতি দেন।

উল্লেখ্য, গত বছরের ২০ অক্টোবর সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় সালমান শাহর মৃত্যুকে ঘিরে নতুন করে তদন্তের দাবি জানানো হয়।

এজাহারে বলা হয়, মৃত্যুর দিন সালমান শাহর বাবা-মা তার ইস্কাটনের বাসায় গেলে স্ত্রী সামিরা ও গৃহকর্মী আবুল জানান, তিনি ঘুমাচ্ছেন। পরে প্রোডাকশন ম্যানেজার সেলিম ফোন করে অসুস্থতার খবর দিলে তারা দ্রুত বাসায় ছুটে যান এবং সালমান শাহকে অচেতন অবস্থায় দেখতে পান।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, বাসায় কিছু বহিরাগত নারী উপস্থিত ছিলেন এবং সালমানের শরীরে তেল মালিশ করছিলেন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তার গলায় দড়ির দাগ এবং শরীরের কিছু অংশ নীলচে দেখা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সালমান শাহর মৃত্যুকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা বিতর্ক ও প্রশ্ন থাকলেও মামলাটির তদন্ত এখনো চলমান রয়েছে।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement