কেক কেটে আর্জেন্টিনার জয় উদযাপন পূর্ণিমার
Published : ১১:১৮, ২৪ জুন ২০২৬
অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আর এই জয়ের উচ্ছ্বাসে ভেসেছেন বিশ্বের কোটি কোটি মেসি ভক্তের পাশাপাশি বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও।
ম্যাচ শেষ হওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় বিভিন্ন তারকাকে। ফেসবুক স্ট্যাটাস, ছবি ও ভিডিওর মাধ্যমে তারা ভাগ করে নিয়েছেন নিজেদের আনন্দ ও আবেগ।
টেক্সাসের আর্লিংটনে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়ে জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা আর্জেন্টিনার জার্সি পরে কেক কাটার একটি ছবি শেয়ার করেন। প্রিয় দল ও তারকা ফুটবলারের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি লেখেন, “মেসির প্রতি ভালোবাসাই আমাকে এখানে টেনে এনেছে, আর আর্জেন্টিনার ভালোবাসায় আমি এখানেই রয়ে গেলাম।”
মেসির রেকর্ডগড়া পারফরম্যান্স নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীও। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিওনেল মেসিকে বিশ্বকাপের ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে উল্লেখ করে অভিনন্দন জানান।
অন্যদিকে অভিনেত্রী কেয়া পায়েল আর্জেন্টিনার জার্সি পরা নিজের একটি ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। পোস্টে তিনি লিখেছেন, “কি, আর্জেন্টিনা ভক্তরা কেমন লাগছে?”
আর্জেন্টিনার জয় এবং মেসির অসাধারণ পারফরম্যান্সে শোবিজ তারকাদের এমন উচ্ছ্বাস ফুটবলপ্রেমীদের মধ্যেও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমজুড়ে এখন আর্জেন্টিনা ও মেসিকে ঘিরেই চলছে উদযাপন।


































