সে আমার স্বামী এটা কেউ প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

সে আমার স্বামী এটা কেউ প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি ছবি : সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১১:২৩, ২৪ জুন ২০২৬

ঢাকার গুলশান থানায় প্রতারণার অভিযোগে মির্জা আবুল বাশার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাকে ঘিরে চিত্রনায়িকা ইয়ামিন হক ববির সঙ্গে ‘কথিত স্বামী’ সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সোমবার (২২ জুন) বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ববি বলেন, গ্রেপ্তার হওয়া ব্যক্তির সঙ্গে তার কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই। তাকে ‘কথিত স্বামী’ হিসেবে উল্লেখ করা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।

ববি বলেন, “শুরুতে বিষয়টি আমলে নিইনি। কিন্তু আমার পরিবার দেশের বাইরে থাকে, তারা এসব সংবাদ দেখে মানসিকভাবে কষ্ট পাচ্ছে। সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা, তবে কিছু মানুষের দায়িত্বহীন আচরণ পুরো ইন্ডাস্ট্রির জন্য ক্ষতিকর হয়ে উঠছে।”

গুজবের জবাবে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে অভিনেত্রী বলেন, “কেউ যদি প্রমাণ করতে পারে যে ওই ব্যক্তি আমার স্বামী, তাহলে সে যা চাইবে আমি তাই দেব।”

তিনি জানান, সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে তার সম্পর্ক শুধুই পেশাগত ছিল। একটি প্রতিষ্ঠানের কাজের সূত্রে পরিচয় হলেও ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না। অফিসে শিল্পী হিসেবে যে সম্মান ও সৌজন্য পেয়েছেন, সেই সময়ের কিছু ছবি ব্যবহার করেই বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

ববি আরও বলেন, “এই ধরনের মিথ্যা প্রচারণার কারণে আমার মা অসুস্থ হয়ে পড়েছেন। বন্ধু বা পরিচিত না বলে কেন ‘স্বামী’ বলা হচ্ছে, সেটাই আমার প্রশ্ন। মনে হচ্ছে পরিকল্পিতভাবে আমাকে বিতর্কে জড়ানোর চেষ্টা করা হচ্ছে।”

তিনি জানান, অভিযুক্ত ব্যক্তি তার একটি চলচ্চিত্রের আংশিক প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। এর বাইরে তাদের মধ্যে কোনো সম্পর্ক ছিল না।

এদিকে আসন্ন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়েও কথা বলেন ববি। তিনি জানান, শিবা শানু-জয় চৌধুরী প্যানেল থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন। শিল্পীদের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়েই এবার নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই চিত্রনায়িকা।

বিষয়ঃ
শেয়ার করুনঃ
Advertisement