পাকিস্তানি শিল্পীদের সব কনসার্ট স্থগিত
Published : ২১:০২, ২৩ সেপ্টেম্বর ২০২৬
শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত ছাড়পত্র না পাওয়ায় ঢাকায় ও পূর্বাচলে আয়োজনের অপেক্ষায় থাকা পাকিস্তানি শিল্পীদের দুটি কনসার্ট স্থগিত করা হয়েছে। আয়োজকদের দাবি, অনুষ্ঠান আয়োজনের প্রায় সব প্রস্তুতিই সম্পন্ন হয়েছিল এবং সংশ্লিষ্ট শিল্পীদের অগ্রিম পারিশ্রমিকও পরিশোধ করা হয়েছিল।
২৫ সেপ্টেম্বর রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘মাহাক্স রিপাবলিক’ শিরোনামের কনসার্ট। রেডমি নোট ১৭ নিবেদিত এই আয়োজনে পাকিস্তানের ভয়েস অব জুনুন, জাল দ্য ব্যান্ড ও রক্সেন (ফিচারিং)-এর পাশাপাশি বাংলাদেশের নেমেসিস, লেভেল ফাইভ, শিরোনামহীন ও নগর বাউল (জেমস)-এর পারফর্ম করার কথা ছিল।
অন্যদিকে, ২৬ সেপ্টেম্বর পূর্বাচলের সি শেল পার্ক অ্যান্ড রিসোর্টে পাকিস্তানি ব্যান্ড কাভিশ-এর ‘ওয়েভ ফেস্ট: এনজয় দ্য ফুল মুন’ কনসার্ট আয়োজনের পরিকল্পনা ছিল। একই নিরাপত্তাজনিত কারণে এই অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে। অনুষ্ঠানটির আয়োজক ছিল প্রাইম ওয়েভ কমিউনিকেশন।
‘মাহাক্স রিপাবলিক’-এর এক আয়োজক নাম প্রকাশ না করার শর্তে জানান, প্রস্তুতি ও আর্থিক কার্যক্রম সম্পন্ন হওয়ার পরও শেষ মুহূর্তে প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় অনুষ্ঠানটি স্থগিতের সিদ্ধান্ত নিতে হয়েছে। এ বিষয়ে ২৪ সেপ্টেম্বর সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, স্থগিত হওয়া কনসার্টগুলোর নতুন তারিখ শিগগিরই ঘোষণা করা হতে পারে। একই সঙ্গে বিদেশি শিল্পীদের অংশগ্রহণে আরও তিনটি কনসার্টও নিরাপত্তাজনিত কারণে স্থগিত করা হয়েছে বলে জানা গেছে।

































