মুক্তির আগেই গিনেসে ‘রাকা’, ইতিহাস গড়লেন আল্লু অর্জুন-অ্যাটলি

মুক্তির আগেই গিনেসে ‘রাকা’, ইতিহাস গড়লেন আল্লু অর্জুন-অ্যাটলি ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক

Published : ১৭:০২, ২২ সেপ্টেম্বর ২০২৬

প্রেক্ষাগৃহে মুক্তির আগেই আন্তর্জাতিক অঙ্গনে নতুন ইতিহাস তৈরি করেছে আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলির বহুল আলোচিত সিনেমা ‘রাকা’। সিনেমাটি জায়গা করে নিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স জানিয়েছে, ‘রাকা’ গিনেসের ‘মোস্ট পিপল মোশন-ক্যাপচারড ইন রিয়েল-টাইম’ বিভাগে বিশ্বরেকর্ড গড়েছে। সিনেমাটির একটি অংশে একই সময়ে ৩৭ জন পারফর্মারের রিয়েল-টাইম মোশন ক্যাপচার করা হয়েছে।

প্রযুক্তির এই ব্যতিক্রমী ব্যবহারই এনে দিয়েছে বিশ্বরেকর্ডের স্বীকৃতি। রেকর্ডের সনদ গ্রহণ করেছেন সিনেমাটির প্রধান তারকা আল্লু অর্জুন ও পরিচালক অ্যাটলি।

আরও বিশেষ হয়ে উঠেছে রেকর্ড ঘোষণার সময়টি। অ্যাটলির জন্মদিনেই আসে গিনেস রেকর্ডের খবর। এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালকের সঙ্গে একটি সাদা-কালো ছবি প্রকাশ করে শুভেচ্ছা জানান আল্লু অর্জুন।

অ্যাটলির সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আল্লু অর্জুন জানান, এমন দূরদর্শী নির্মাতার সঙ্গে কাজ করতে পেরে তিনি গর্বিত এবং ভবিষ্যতেও তার সঙ্গে আরও কাজ করার প্রত্যাশা রাখেন।

‘রাকা’ নিয়ে দর্শকদের আগ্রহ অবশ্য আরও আগে থেকেই তুঙ্গে। আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিনে প্রকাশিত সিনেমাটির প্রথম লুকে সম্পূর্ণ ভিন্ন এক অবতারে দেখা যায় তাকে। টাক মাথা, রুক্ষ চেহারা এবং মুখে নেকড়ের থাবার মতো দাগ—সব মিলিয়ে চরিত্রটির লুক নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়।

নির্মাতাদের দাবি, সিনেমাটির ভিএফএক্স ও মোশন ক্যাপচারের কাজে বিশ্বের বিভিন্ন দেশের অভিজ্ঞ প্রযুক্তিবিদরা যুক্ত রয়েছেন। আন্তর্জাতিক মানের এই বিশাল প্রযুক্তি আয়োজনের অংশ হিসেবে কাজ করছেন হলিউডের একাধিক বড় প্রজেক্টে যুক্ত শিল্পীরাও।

‘আয়রন ম্যান টু’ ও ‘ট্রান্সফরমার্স: রাইজ অব দ্য বিস্টস’-এর মতো সিনেমায় কাজ করা ভিএফএক্স সুপারভাইজার জেমস ম্যাডিগানও ‘রাকা’র ভিএফএক্স টিমের সঙ্গে যুক্ত রয়েছেন।

মুক্তির আগেই গিনেস রেকর্ড—সব মিলিয়ে ‘রাকা’কে ঘিরে আল্লু অর্জুনের ভক্তদের প্রত্যাশার পারদ আরও ওপরে উঠেছে।

শেয়ার করুনঃ
Advertisement