১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন বাংলাদেশের নাজমুন নাহার

১৮৪ দেশ ভ্রমণ করে ইতিহাস গড়লেন বাংলাদেশের নাজমুন নাহার নাজমুন নাহার

হৃদয় খান

Published : ০২:৫১, ১১ মে ২০২৬

বিশ্বের ১৮৪টি দেশ ভ্রমণ করে ইতিহাস গড়েছেন বাংলাদেশের সাহসী নারী পরিব্রাজক নাজমুন নাহার। প্রথম বাংলাদেশি হিসেবে তিনি এই অনন্য কৃতিত্ব অর্জন করেছেন। একইসঙ্গে লাল-সবুজের পতাকা হাতে বিশ্বের প্রথম মুসলিম নারী হিসেবে ১৮৪টি দেশ ভ্রমণের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

২০০০ সালে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল অ্যাডভেঞ্চার প্রোগ্রামে অংশগ্রহণের মাধ্যমে নাজমুন নাহারের বিশ্বভ্রমণ শুরু হয়। একজন সলো ট্রাভেলার হিসেবে তিনি বিশ্বের অধিকাংশ দেশ সড়কপথে ভ্রমণ করেছেন। দীর্ঘ এই যাত্রাপথে তাকে অসংখ্য প্রতিকূলতা, ঝুঁকি এবং মৃত্যুভয়ের মুখোমুখি হতে হয়েছে।

বিশ্ব ভ্রমণের সময় তিনি  'নো ওয়ার ওনলি পিস; সেইভ দ্য প্লানেট, স্টপ চাইল্ড ম্যারেজ'  বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তার এই উদ্যোগ বিশ্ব শান্তি, মানবতা ও ঐক্যের বার্তা পৌঁছে দিয়েছে নানা দেশের মানুষের কাছে।

২০১৮ সালের ১ জুন জাম্বিয়া ও জিম্বাবুয়ের সীমান্তে অবস্থিত ভিক্টোরিয়া জলপ্রপাতে দাঁড়িয়ে ১০০তম দেশ ভ্রমণের মাইলফলক স্পর্শ করেন নাজমুন। পরে ২০২১ সালের ৬ অক্টোবর ‘সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে’ সফরের মাধ্যমে ১৫০তম দেশ ভ্রমণের ইতিহাস গড়েন। ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর ১৭৫টি দেশ ভ্রমণের রেকর্ড গড়ার পর ২০২৫ সালের ডিসেম্বরে বাহামা দ্বীপপুঞ্জ ভ্রমণের মাধ্যমে ১৮৪তম দেশ সফরের মাইলফলক অর্জন করেন তিনি।

লক্ষ্মীপুরে জন্ম নেওয়া নাজমুন নাহার ২০০৬ সালে শিক্ষাবৃত্তি নিয়ে সুইডেনে যান এবং লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। পরে২০১৫ সালে দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল বিশ্ববিদ্যালয় থেকে হিউম্যান রাইটস অ্যান্ড  এশিয়া বিষয়ে আরেকটি ডিগ্রী অর্জন করেন। 

বর্তমানে তিনি একজন গবেষক, মোটিভেশনাল স্পিকার এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। বিশ্বভ্রমণের অভিজ্ঞতা থেকে তিনি তরুণদের সীমাবদ্ধতা ভেঙে বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন।

বিশ্ব শান্তির বার্তা ছড়িয়ে দেওয়ার স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রে তিনি 'পিস টর্চ বিয়ারার অ্যাওয়ার্ড' অর্জন করেন।মিখাইল গর্ভাচেভ, নেলসন ম্যান্ডেলা, মাদার তেরেসা ও বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানসহ বিখ্যাত ব্যক্তিত্বরা এই সম্মাননার অধিকারী ছিলেন। 

এছাড়াও তিনি দেশ-বিদেশে প্রায় ৬০টির বেশি সম্মাননা ও পুরস্কার অর্জন করেছেন। এর মধ্যে রয়েছে উইমেন এমপাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড, পাওয়ার উইমেন অ্যাওয়ার্ড, গেম চেঞ্জার অব বাংলাদেশ অ্যাওয়ার্ড, প্রাইড অব বাংলাদেশ সম্মাননা, গ্লোবাল লিগ্যাসি অ্যাওয়ার্ডসহ আরও বহু আন্তর্জাতিক স্বীকৃতি।

নাজমুন নাহারের এই অনন্য অর্জন বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদাকে আরও উজ্জ্বল করেছে বলে মনে করছেন অনেকে।

শেয়ার করুনঃ
Advertisement