দেশব্যাপী হাম–রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, লক্ষ্য ১ কোটি ৮০ লাখ শিশু

দেশব্যাপী হাম–রুবেলা টিকাদান কর্মসূচি শুরু, লক্ষ্য ১ কোটি ৮০ লাখ শিশু সোমবার সকালে দেশব্যাপী হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৬, ২০ এপ্রিল ২০২৬

হামের প্রাদুর্ভাব মোকাবিলায় দেশজুড়ে জরুরি হাম–রুবেলা টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় ৬ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।

সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জিন্দা পার্কের ‘লিটল অ্যাঞ্জেল সেমিনারি’তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আনুষ্ঠানিকভাবে এই টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।

সাপ্তাহিক ছুটি ছাড়া প্রতিদিন সকাল ৮টা থেকে দেশের সব স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে এই টিকা প্রদান করা হবে।

স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) সহকারী পরিচালক হাসানুল মাহমুদ জানান, ১৮ জেলার ৩০টি উপজেলা ও ৪টি সিটি করপোরেশনসহ দেশের সব এলাকায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। মোট প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে।

এর আগে গত ৫ এপ্রিল প্রথম ধাপে দেশের ১৮ জেলার ৩০টি উপজেলায় হাম–রুবেলা টিকাদান কার্যক্রম শুরু হয়। দ্বিতীয় ধাপে ১২ এপ্রিল থেকে ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ, বরিশাল ও ময়মনসিংহ সিটি করপোরেশনে একযোগে এই কর্মসূচি চালু করা হয়।

আজ থেকে শুরু হওয়া দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি দেশের অন্যান্য এলাকায় আগামী ১২ মে পর্যন্ত এবং সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত চলবে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেসব শিশু জ্বরে আক্রান্ত বা বর্তমানে অসুস্থ রয়েছে, তাদের সুস্থ হওয়ার পর টিকা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া প্রথম ডোজ নেওয়ার চার সপ্তাহ পূর্ণ না হলে পুনরায় হামের টিকা না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

শেয়ার করুনঃ
Advertisement