দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

 দেশে আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন শুরু করল এসকেএফ ও নভো নরডিস্ক

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:২০, ৩০ এপ্রিল ২০২৬

বাংলাদেশে প্রথমবারের মতো আধুনিক ইনসুলিন কার্ট্রিজ (পেনফিল) স্থানীয়ভাবে উৎপাদনের ঘোষণা দিয়েছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও নভো নরডিস্ক। ডেনমার্ক থেকে উন্নত প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে এই উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।

এতদিন নভোমিক্স ও নভোর‌্যাপিড-সহ আধুনিক ইনসুলিন ডেনমার্ক থেকে আমদানি করা হতো। এখন থেকে একই প্রযুক্তি ব্যবহার করে এসব ইনসুলিন কার্ট্রিজ বাংলাদেশেই উৎপাদন করা হবে। এতে ডায়াবেটিস রোগীদের জন্য ইনসুলিনের প্রাপ্যতা বাড়বে এবং তুলনামূলকভাবে কম খরচে পাওয়া যাবে।

অনুষ্ঠানে জানানো হয়, আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে দেশে প্রথমবারের মতো প্রিমিক্স ও দ্রুত কার্যকর আধুনিক ইনসুলিন কার্ট্রিজ উৎপাদন করা হবে। উৎপাদিত প্রতিটি ব্যাচের গুণগত মান ডেনমার্কে যাচাই করা হবে, যাতে নভো নরডিস্কের বৈশ্বিক মান বজায় থাকে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল বলেন, এই উদ্যোগ দেশের বায়োফার্মাসিউটিক্যাল সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এটি জীবনরক্ষাকারী ওষুধের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করবে এবং স্বাস্থ্যখাতে স্বনির্ভরতা অর্জনে সহায়তা করবে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. শামীম হায়দার বলেন, এই অংশীদারিত্ব জীবনরক্ষাকারী ওষুধের ক্ষেত্রে গুণমান, নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করবে।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বলেন, এই উদ্যোগ ডেনমার্ক ও বাংলাদেশের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতাকে আরও শক্তিশালী করবে এবং দেশে মানসম্মত ডায়াবেটিস চিকিৎসা সহজলভ্য করবে।

নভো নরডিস্ক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড. রিয়াদ মামুন প্রধানি জানান, স্থানীয় উৎপাদনের ফলে নভোমিক্স ও নভোর‌্যাপিড ইনসুলিনের দাম ১৮ শতাংশ কমানো হচ্ছে, তবে গুণগত মানের ক্ষেত্রে কোনো আপস করা হবে না।

শেয়ার করুনঃ
Advertisement