প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় ‘শিশু স্বর্গ’ মডেল বিশ্বমঞ্চে তুলে ধরলো বাংলাদেশ

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবায় ‘শিশু স্বর্গ’ মডেল বিশ্বমঞ্চে তুলে ধরলো বাংলাদেশ

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৫৬, ২৪ মে ২০২৬

প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত ও যুগান্তকারী স্বাস্থ্যসেবা মডেল ‘শিশু স্বর্গ’ বিশ্বমঞ্চে তুলে ধরেছে বাংলাদেশ। সুইজারল্যান্ডের জেনেভা এ অনুষ্ঠিত ৭৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের এক উচ্চপর্যায়ের পার্শ্ব-আলোচনায় বাংলাদেশের পক্ষ থেকে মডেলটি উপস্থাপন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।

তিনি বলেন, গত ২০ বছরের গবেষণার ভিত্তিতে গড়ে ওঠা ‘শিশু স্বর্গ’ মডেলের মাধ্যমে শিশুদের প্রতিবন্ধিতা শনাক্তকরণের গড় বয়স ৫ বছর থেকে কমিয়ে মাত্র ৮ মাসে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ফলে শিশুদের ছোটবেলা থেকেই প্রয়োজনীয় সহায়তা ও পরিচর্যা নিশ্চিত করে তাদের জীবনমান দ্রুত উন্নত করা যাচ্ছে।

অনুষ্ঠানে বিশ্বের ৩০টিরও বেশি দেশ এবং ২০টি আন্তর্জাতিক সংস্থার ৪০ জনের বেশি প্রতিনিধি অংশ নেন। আলোচনায় অংশগ্রহণকারী আন্তর্জাতিক বিশেষজ্ঞ ও প্রতিনিধিরা বাংলাদেশের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেন, প্রতিবন্ধিতা কেবল চিকিৎসাবিজ্ঞানের বিষয় নয়; এটি সামাজিক ও পরিবেশগত বাস্তবতার সঙ্গেও গভীরভাবে জড়িত। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি শিশু যদি চোখে দেখতে না পায় বা কানে শুনতে না পায় এবং সমাজ তাকে প্রয়োজনীয় সহায়তা না দেয়, তখনই সে প্রকৃত অর্থে প্রতিবন্ধকতার শিকার হয়।

তিনি আরও জানান, বাংলাদেশে প্রতিবন্ধী শিশু রয়েছে এমন প্রায় ৭৫ শতাংশ পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এ বাস্তবতায় স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে বিবেচনা করে সরকার দেশব্যাপী ‘শিশু স্বর্গ’ মডেল সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, কার্যক্রম বাস্তবায়নে ছয় স্তরের প্রশাসনিক কাঠামো গঠন করা হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন উচ্চপর্যায়ের পরিচালনা কমিটি পুরো কার্যক্রম তদারকি করছে। এর মাধ্যমে কেন্দ্র থেকে স্থানীয় প্রশাসন পর্যন্ত সমন্বিতভাবে কাজ করা সম্ভব হচ্ছে।

তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রতিবন্ধীবান্ধব স্বাস্থ্যসেবা নিশ্চিত করা শুধু স্বাস্থ্য খাতের দায়িত্ব নয়, এটি বৈশ্বিক মানবাধিকার রক্ষারও একটি গুরুত্বপূর্ণ অংশ।

সভায় বক্তব্য রাখেন জেনেভা ইউনিভার্সিটি হাসপাতালের ড. হুবার্ট ভুয়াগনাত, সাইটসেভার্স ইন্টারন্যাশনালের ড. সারাহ কলিনসন, পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মালিক মুহাম্মদ সাফি, সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশনালের ডেনিস শ্রোয়েডার।

সমাপনী বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের সদস্য হিসেবে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক প্রভাত চন্দ্র বিশ্বাস।

শেয়ার করুনঃ
Advertisement